দেশে কর্মরত যেসব জীবনবিমা কোম্পানির মূল ব্যবসাস্থল বা প্রধান কার্যালয় বিদেশে, তারা মূল ব্যবসাস্থলের জন্য কী পরিমাণ খরচ করতে পারবে, তার সীমা বেঁধে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ গত ১৯ মে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে।
দেশে বর্তমানে ৩৫টি জীবনবিমা কোম্পানি আছে। তবে বিদেশে প্রধান কার্যালয় আছে, এমন কোম্পানি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মেটলাইফ (সাবেক আলিকো)। মেটলাইফের বাইরে ভারতীয় একটি কোম্পানি দেশে আছে, যার নাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (এলআইসি) বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে নিবন্ধিত হওয়ায় এ প্রজ্ঞাপন এলআইসির ওপর প্রযোজ্য হবে না। ফলে নাম উল্লেখ না করলেও প্রজ্ঞাপনটি কার্যকর শুধু মেটলাইফের ওপর।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম বর্ষের প্রিমিয়াম আয় ২০০ কোটি টাকা বা এর কম হলে সর্বোচ্চ ১ শতাংশ; ২০০ কোটির বেশি বা ৪০০ কোটির কম হলে দশমিক ৭৫ শতাংশ এবং ৪০০ কোটির বেশি হলে দশমিক ৫ শতাংশ খরচ প্রধান কার্যালয়ের জন্য পাঠানো যাবে। নবায়ন প্রিমিয়াম ৫০০ কোটি বা এর কম হলেও খরচ পাঠানো যাবে দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া নবায়ন প্রিমিয়াম ৫০০ কোটি টাকার বেশি কিন্তু এক হাজার কোটি টাকা বা এর কম হলে দশমিক ৪ শতাংশ, এক হাজার কোটি টাকার বেশি কিন্তু এক হাজার ৫০০ কোটি বা এর কম হলে দশমিক ৩ শতাংশ, এক হাজার ৫০০ কোটি টাকার বেশি কিন্তু দুই হাজার কোটি টাকা বা এর কম হলে দশমিক ২৫ শতাংশ ও দুই হাজার কোটি টাকার বেশি হলে দশমিক ২ শতাংশ প্রধান কার্যালয়ের খরচ হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে।
যোগাযোগ করা হলে আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন এ নিয়ে প্রথম আলোকে বলেন, কোম্পানিটি একদিকে প্রধান কার্যালয়ের জন্য ব্যয়, অন্যদিকে লভ্যাংশ—দুটিই পাঠিয়ে আসছিল। অন্তত প্রধান কার্যালয়ের খরচ এখন যৌক্তিক করা হলো।
এই প্রজ্ঞাপনের ফলে বাংলাদেশের স্বার্থ কীভাবে সংরক্ষিত হলো, এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, এযাবৎকাল গড়ে প্রতিবছর প্রধান কার্যালয়ের খরচ হিসেবে যুক্তরাষ্ট্রে চলে যেত অন্তত ১০০ কোটি টাকা করে, তা–ও আবার ডলার আকারে। এখন যাবে ১০ কোটি টাকা করে। বাকি ৯০ কোটি টাকার ডলার এখন দেশে থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের বাইরে প্রধান কার্যালয়ের খরচ পাঠানোর আগে আইডিআরএর অনুমোদন নিতে হবে এবং অনুমোদনের আবেদনের সঙ্গে ব্যয়ের যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ বিবরণী দাখিল করতে হবে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, ১৯৫৮ সালের বিমা বিধিমালা অনুসরণ করে মেটলাইফ প্রথম বর্ষ প্রিমিয়ামের ১০ শতাংশ ও নবায়নের ২ শতাংশ খরচ যুক্তরাষ্ট্রের প্রধান কার্যালয়ে পাঠিয়ে আসছিল। ‘লাইফ ইনস্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা’ জারি হয় ২০২০ সালে। এতে বিদেশে অবস্থিত প্রধান কার্যালয়ের ব্যয় নির্ধারণ করা না হলেও নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা নির্ধারণ করা হলো।
আইডিআরএর প্রজ্ঞাপন নিয়ে জানতে চাইলে মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ প্রথম আলোকে বলেন, ‘আইডিআরএর প্রজ্ঞাপন আমরা পর্যালোচনা করছি। বরাবরের মতোই আমাদের সব গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আমরা কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’ এর বাইরে কিছু বলতে চাননি তিনি।
মেটলাইফের পলিসি গ্রাহক ১০ লাখের মতো। আইডিআরএর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই প্রজ্ঞাপনের ফলে মেটলাইফের পলিসি গ্রাহকদের আগের চেয়ে বেশি হারে বোনাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর বোনাস বেশি পেলে প্রতিষ্ঠানটির প্রতি নতুন নতুন গ্রাহকেরা আকৃষ্ট হবেন, যাতে পরোক্ষভাবে মেটলাইফই উপকৃত হবে।
আইডিআরএর পদক্ষেপ কীভাবে দেখছেন, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান মো. মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পদক্ষেপটি ইতিবাচক মনে হচ্ছে। প্রতিবেশী যেসব দেশে মেটলাইফের ব্যবসা রয়েছে, সেসব দেশের সঙ্গে তুলনা করে প্রধান কার্যালয়ে পাঠানো খরচের হার নির্ধারণ করা হলে ভালো হতো। তবে এই পদক্ষেপে পলিসি গ্রাহকেরা উপকৃত হবেন।’
আইডিআরএ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রধান কার্যালয়ের খরচ ৬৮ কোটি ৪২ লাখ এবং লভ্যাংশ বাবদ ৩৮ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মেটলাইফ। চার বছরের মাথায় ২০১৯ সালে তা বেড়ে প্রধান কার্যালয়ের খরচ হয়েছে ১০৪ কোটি এবং লভ্যাংশ হয়েছে ২৮০ কোটি টাকা।