যুক্তরাষ্ট্রে ওয়াল-মার্টে বেচাকেনা কমছেই
সুপার মার্কেটের তীর্থভূমি যুক্তরাষ্ট্রে বিশ্বখ্যাত সুপার মার্কেট চেইন ওয়াল-মার্টের বিক্রি কমে গেছে। ওয়াল-মার্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের ত্রৈমাসিক লাভ তিন দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেলেও বিক্রি দাঁড়িয়েছে গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে কম। খবর বিবিসি অনলাইনের।ওয়াল-মার্ট সম্প্রতি ব্যয় সংকোচননীতি গ্রহণ করায় আন্তর্জাতিক বাজারে প্রবৃদ্ধির পরিমাণ বেশ বেড়েছে বলে জানা গেছে।তবে প্রতিষ্ঠানটির মতে, মন্দা-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ দেরি হচ্ছে। এ অবস্থা দেশটির ভোক্তাদেরও প্রভাবিত করছে।এদিকে ব্রিটেনে ওয়াল-মার্টের মালিকানাধীন সুপার মার্কেট চেইন ‘আসদা’-এরও ত্রৈমাসিক বিক্রি অনেকটাই কমে গেছে। বিক্রি কমে যাওয়ার এ পরিমাণ প্রায় শূন্য দশমিক চার শতাংশ। এ নিয়ে পরপর ছয় মাস ধারাবাহিকভাবে আসদার বিক্রির পরিমাণ কম হলো। এর আগে ২০১০ সালের প্রথম তিন মাসে আসদার বিক্রি কমে গিয়েছিল শূন্য দশমিক তিন শতাংশ।ওয়াল-মার্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলান সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেনের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে আসদাকে সামনের দিনগুলোতে আরও জটিল পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে।ব্রিটেন সরকারের সাম্প্রতিক কর বৃদ্ধির সিদ্ধান্ত ব্রিটিশ ভোক্তাদের কেনাকাটা সংকোচনে বাধ্য করেছে বলে তিনি মনে করেন।আন্তর্জাতিক বাজারে ওয়াল-মার্টের প্রবৃদ্ধি ও বিক্রি দুটোই বৃদ্ধি পাওয়ার পরও যুক্তরাষ্ট্রের বাজারে অর্থনৈতিক মন্দা-পরবর্তী সময়ে এর প্রবৃদ্ধি ও বিক্রি কমে যাওয়ার প্রবণতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।আন্তর্জাতিকভাবে ওয়াল-মার্টের বিক্রি ১১ শতাংশ ও প্রবৃদ্ধি ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু মন্দার কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তারা তুলনামূলক কমমূল্যের অখ্যাত সুপার মার্কেটগুলোর দিকে ঝুঁকে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অর্থনৈতিক মন্দার কারণে অন্য সুপার মার্কেটগুলোর দিকে ঝুঁকে পড়া ভোক্তারা মন্দা-পরবর্তী সময়ে আবার ওয়াল-মার্টে ফিরে আসছে বলে জানা গেছে। তার পরও এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ওয়াল-মার্টের সময় লাগবে বলে বিশ্লেষকেরা মনে করেন।