অ্যামচেমের মধ্যাহ্নভোজ সভায় পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে এফডিএর অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদনের অপেক্ষায় আছে সে দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিশ্বের ৯০টির বেশি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়। আমরা এখন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদনের অপেক্ষায় আছি। তাহলেই সে দেশের বাজারে বাংলাদেশের ওষুধ প্রবেশ করতে পারবে।’
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ওই সভায় প্রধান বক্তাই ছিলেন তিনি। এ সময় তিনি জানান, বর্তমানে দেশের ওষুধের চাহিদার ৯৭ শতাংশই দেশীয় ওষুধ দিয়ে মেটানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন যে এফডিএর অনুমোদনের অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ থেকে ৩০ হাজার ১৭৭ ডলারের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে।
ইপিবির তথ্য অনুযায়ী, এ বছরের ১০ মাসে বাংলাদেশ মোট ৫ কোটি ৯১ লাখ ডলারের ওষুধ রপ্তানি করেছে। আগের বছর রপ্তানি হয় ৬ কোটি ৯২ লাখ ডলারের ওষুধ। বর্তমানে মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, আফগানিস্তান, কেনিয়া, যুক্তরাজ্য ও কম্বোডিয়ায় বেশি ওষুধ রপ্তানি হয়।
সভায় মাহমুদ আলী বলেন, বাংলাদেশের প্রায় পাঁচ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই প্রবাসীরা প্রতিবছর ১৫০ কোটি ডলার প্রবাসী-আয় (রেমিট্যান্স) পাঠাচ্ছেন। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করার ক্ষেত্রে ওই প্রবাসীদের এখনো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যত বিনিয়োগ, তার ৮০ শতাংশই জ্বালানি ও বিদ্যুৎ খাতে উল্লেখ করে মাহমুদ আলী বলেন, ব্যাংক, বিমার মতো আর্থিক খাতেও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে। মহাসড়ক, পাতালরেল, মনোরেল, বিদ্যুৎকেন্দ্রের মতো অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে পারে।
কৌশলগত অবস্থান, দক্ষ-প্রতিভাবান কর্মী ও সস্তা শ্রম, ক্রমবর্ধনশীল অভ্যন্তরীণ বাজারের মতো কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য লোভনীয় স্থান বলে মন্তব্য করেন তিনি।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) প্রসঙ্গে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এরই মধ্যে এমডিজির ১, ২, ৩, ৪ নম্বর লক্ষ্যমাত্রা অর্জন করেছে। আর ৫ ও ৬ নম্বর লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওপর সরকারের আস্থা রয়েছে মন্তব্য করে মাহমুদ আলী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ সব উন্নত দেশের কাছে আমাদের আবেদন, তারা যেন দোহা রাউন্ডের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে। এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যবসায়িক অংশীদারি বাড়াতে এবং টেকসই করতে সহায়তা করবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রানা প্লাজা পরবর্তী সংকট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সহযোগিতা আরও দৃঢ় করেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের শ্রমিক অধিকার ও কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে। এই দুই বছরে সরকার এসব ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছে। এখন তাই আশাবাদী হওয়াই যায়।
সভায় অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, ‘দুই দেশের মানুষের যোগাযোগ ও যাতায়াত দ্রুত আরও বাড়ানো প্রয়োজন। যেমন: ব্যক্তির সব দিক যাচাই করে দুই দেশই এখন পাঁচ বছরের জন্য ভিসা দেয়। আমরা এটাকে ১০ বছরে উন্নীত করার
প্রস্তাব করছি। বাংলাদেশ এ প্রক্রিয়ার শুরুটা করতে পারে এবং এটা দেখে যুক্তরাষ্ট্রও একই রকম সুবিধা দেবে।’
বর্তমানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৬২০ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রপ্তানি ৫২০ কোটি ডলার।
অ্যামচেম সভাপতি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য পুরোপুরিই বাংলাদেশের অনুকূলে। কিন্তু এটা যথেষ্ট নয়। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও অনেক বাড়ানো সম্ভব।
সভায় বক্তব্য দেন অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর।