যুক্তরাষ্ট্রে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ, বেকার ২৩ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ করার ফলে প্রায় ২৩ হাজার মানুষ চাকরি হারাতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সরকারি সিদ্ধান্তের বরাত দিয়ে বাণিজ্য সাময়িকী ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানায়। খবর রয়টার্সের।গত মে মাসে গভীর সমুদ্রে ব্রিটিশ পেট্রোলিয়ামের নিয়ন্ত্রণাধীন একটি তেলের খনিতে দুর্ঘটনা ঘটলে সেখানে বিপুল পরিমাণ জ্বালানি ছড়িয়ে পড়ে। এতে মেক্সিকো উপকূলে সমুদ্র সমতটের প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই প্রেসিডেন্ট বারাক ওবামা সমুদ্র গভীরে তেলক্ষেত্র খনন ও জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ ঘোষণা করেন।এদিকে ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিভিন্ন তেল কোম্পানি। তারা বলেছে, এর ফলে হাজার হাজার মানুষ চাকরি হারাবে। অর্থনীতিতে বিরূপ প্রভাব সৃষ্টি হবে। কোনো কোনো ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকটেরও আশঙ্কা করছে অনেকে।মার্কিন প্রশাসন কর্তৃক গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে একজন আইনজীবী সম্প্রতি আপিল করেন। সেই আপিলে তিনি বলেন, গভীর সমুদ্রে তেল অনুসন্ধান বন্ধ হয়ে গেলে তা মার্কিন অর্থনীতির ক্ষতি করবে। তবে গত জুলাই মাসে হোয়াইট হাউস থেকে জারিকৃত অপর এক আদেশে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ করে গত মে মাসে জারিকৃত আদেশ বহাল রাখা হয়।ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়, ওবামা প্রশাসনের এ সিদ্ধান্ত আক্ষরিক অর্থেই মার্কিন অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় বিরূপ প্রভাব সৃষ্টি করবে।অন্যদিকে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, মেক্সিকো উপকূলে বিপি কর্তৃক সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আরও কিছু দিন গভীর সমুদ্রে তেলকূপ খনন বন্ধ রাখা উচিত। ওবামা প্রশাসন জানিয়েছে, অচিরেই গভীর সমুদ্রে তেলকূপ খনন ও জ্বালানি অনুসন্ধানের নতুন নীতিমালা ঘোষিত হবে।