যুক্তরাষ্ট্রে চার মাসের মধ্যে সর্বনিম্ন পোশাক রপ্তানি
যুক্তরাষ্ট্রের বাজারে গত এপ্রিলে ৪০ কোটি ২২ লাখ মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি ওই দেশে চলতি ২০১৬ সালের প্রথম চার মাসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কম পোশাক রপ্তানি। অবশ্য বাজারটিতে তিন মাস ধরে বাংলাদেশের পোশাক রপ্তানি ও প্রবৃদ্ধি দুটোই ধারাবাহিকভাবে কমছে।
যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে ৪৯ কোটি ৭৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৪৮ কোটি ৯৪ লাখ ডলার ও মার্চে ৪৭ কোটি ২২ লাখ ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। জানুয়ারি মাসে বাজারটিতে রপ্তানি প্রবৃদ্ধি ১১ দশমিক ৩১ শতাংশ হলেও এপ্রিলের শেষে তা কমে ১ দশমিক ৬৮ শতাংশে নেমে এসেছে।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গত সোমবার সেই দেশের পোশাক আমদানির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, বছরের প্রথম চার মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান মোট ৮২২ কোটি বর্গমিটারের সমপরিমাণ কাপড়ের ২ হাজার ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। তবে অর্থের হিসাবে গত বছরের একই সময়ের ২ হাজার ৫৬৯ কোটি ডলারের চেয়ে এবারে আমদানির পরিমাণ ২ দশমিক ৭৩ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তৃতীয় শীর্ষ দেশ। চলতি বছরের প্রথম চার মাস অর্থাৎ জানুয়ারি-এপ্রিল সময়ে বাংলাদেশ থেকে বাজারটিতে রপ্তানি হয়েছে ৬৫ কোটি বর্গমিটার সমপরিমাণ কাপড়ের ১৮৫ কোটি ৭১ লাখ ডলারের তৈরি পোশাক। দেশীয় মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৮৫৬ কোটি টাকার সমান। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির ৬ দশমিক ৯৭ শতাংশ বাংলাদেশ থেকে যায়।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাওয়ার কারণ জানতে গতকাল মঙ্গলবার বিকেলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান ও মাহমুদ হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা দুজনই এটিকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করলেও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেননি।
মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে ওভেন পোশাকের অফ সিজন থাকে। ফলে ফেব্রুয়ারি ও মার্চে রপ্তানি সাধারণত কম হলেও এপ্রিলে সেটি কাটিয়ে ওঠার কথা। কিন্তু এপ্রিলে কেন রপ্তানি কম হলো তা খতিয়ে দেখতে হবে।’
অন্যদিকে ফারুক হাসান বলেন, ‘বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি খুব বেশি কমবে বা বাড়বে না। সেই হিসাবে দু-তিন মাস রপ্তানি কমলেও সেটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি, মে ও জুন মাসে পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হবে।’
বিজিএমইএর এই জ্যেষ্ঠ সহসভাপতি আরও বলেন, ‘পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নের জন্য সংস্কারকাজ করছেন উদ্যোক্তারা। এই কাজে আরেকটু অগ্রগতি হলে রপ্তানি পরিস্থিতি কিছুটা ভালো হবে বলে আমাদের প্রত্যাশা।’
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে চীন ও ভিয়েতনাম। বছরের প্রথম চার মাসে বাজারটিতে ৭৭০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে চীন। তাদের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক, ৪ দশমিক ২৬ শতাংশ। আর ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৩৪ কোটি ডলারের পোশাক। তাদের রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৩ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত। ইন্দোনেশিয়া জানুয়ারি-এপ্রিল সময়ে রপ্তানি করেছে ১৬৩ কোটি ডলারের পোশাক। চীনের মতো তাদেরও প্রবৃদ্ধি ঋণাত্মক। ভারতের পোশাক রপ্তানির পরিমাণ ১৪২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ বেশি। ষষ্ঠ অবস্থানে থাকা মেক্সিকো রপ্তানি করেছে ১০৮ কোটি ডলারের পোশাক।