যুক্তরাষ্ট্রে ছয় মাসে রপ্তানি বেড়েছে ৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০ সালের প্রথমার্ধে বা প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র ২০০ কোটি ডলারের কিছু বেশি মূল্যমানের বাংলাদেশি পণ্য আমদানি করেছে।অর্থাৎ এই ছয় মাসে বাংলাদেশ থেকে ২০০ কোটি ডলারের কিছু বেশি মূল্যমানের পণ্য রপ্তানি হয়েছে। আর ২০০৯ সালের প্রথমার্ধে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ১৯১ কোটি ডলারের সামান্য বেশি মূল্যমানের পণ্যসামগ্রী আমদানি হয়েছিল। এই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি বেড়েছে মাত্র ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য বিভাগের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, আলোচ্য ছয় মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করেছে ২৪ কোটি ৬০ লাখ ডলারের সমপরিমাণ পণ্যসামগ্রী। আর গত বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ২৩ কোটি ৯২ লাখ ডলার।অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি তেমন একটা বাড়েনি। পরিসংখ্যান পর্যালোচনায় আরও দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য যথারীতি বাংলাদেশের অনুকূলে রয়েছে। এই সময়কালে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতি দাঁড়িয়েছে ১৭৬ কোটি ১৫ লাখ ডলার। আর ২০০৯ সালের প্রথমার্ধে এই ঘাটতির পরিমাণ ছিল ১৬৭ কোটি ১৬ লাখ ডলার।যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ অবশ্য বরাবরই উদ্বৃত্তাবস্থায় থাকছে। কারণ, বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র। আবার মোট রপ্তানির সিংহভাগই হলো তৈরি পোশাক।তবে ২০০৯-১০ অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ছিল। তৈরি পোশাক খাতের রপ্তানির দুর্বল অবস্থাই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সামগ্রিক রপ্তানিতে নিম্নহারে প্রবৃদ্ধির প্রধান কারণ।চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যে জুন মাসেই সর্বোচ্চ ৩৮ কোটি ২৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। আর জানুয়ারি মাসে সর্বনিম্ন ২৭ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হয়। অবশ্য ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়ে ৩০ কোটি ৯৫ লাখ ডলারে উন্নীত হয়, যা মার্চ মাসে আরও বেড়ে হয় ৩৬ কোটি ৯৩ লাখ ডলার। এপ্রিলে অবশ্য তা নেমে আসে ৩৫ কোটি ৬৫ লাখ ডলারে, যা মে মাসে আরও নেমে হয় ৩১ কোটি ডলার। অবশ্য বিশ্বমন্দার প্রভাবে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি দাঁড়ায় ৩৭০ কোটি ডলার, যা ২০০৮ সালে ছিল ৩৭৪ কোটি ৮৪ লাখ ডলার।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, পাঁচ বছর পর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট বার্ষিক রপ্তানি আগের বছরের তুলনায় হ্রাস পায়।এর আগে ২০০০ সালের পর টানা তিন বছর আমেরিকায় বাংলাদেশের মোট রপ্তানি আগের বছরের তুলনায় কমে গিয়েছিল। ২০০৪ সাল থেকে আবার তা বাড়তে শুরু করে। এবং ২০০৮ সাল পর্যন্ত তা বাড়ে।গত বছরও রপ্তানি আয় কমে যাওয়ার পেছনে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়াকেই মূল কারণ বলে মনে করা হচ্ছে। মন্দাজনিত কারণে চাহিদা ও দাম কমে যাওয়া পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় সব পণ্যকেই উচ্চহারে আমদানি শুল্ক দিয়ে প্রবেশ করতে হয়।বাংলাদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করতে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিতে হয় আর কম্বোডিয়ার পণ্যের ক্ষেত্রে দিতে হয় ১৭ শতাংশ। অথচ একই সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্য ১ শতাংশের কম হারে শুল্ক প্রদান করে।ওয়াশিংটন ডিসিভিত্তিক প্রতিষ্ঠান ডেমোক্রেটিক লিডারশিপ কাউন্সিলের (ডিএলসি) তথ্যানুসারে, আমেরিকা ২০০৮ সালে বাংলাদেশ থেকে ২৫৬ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে আমদানি শুল্ক বাবদ আমেরিকার আয় হয়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। একইভাবে কম্বোডিয়া ১২৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও মার্কিন কোষাগারে এর বিপরীতে আদায় করা হয়েছে ২১ কোটি ডলার। অথচ একই সময়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র যথাক্রমে দুই হাজার ২৩০ কোটি ডলার ও তিন হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির বিপরীতে মাত্র ১৮ কোটি ডলার করে শুল্ক প্রদান করেছে।