যুক্তরাষ্ট্রে জিএসপি চাইল আইবিএফবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাজারসুবিধা জিএসপি পুনর্বহালের দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে আইবিএফবির নেতারা এ দাবি জানান। বৈঠকে আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী অংশ নেন। এতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যবসা ও বাণিজ্যবিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কুর্ট ডব্লিউ টং, পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ-বিষয়ক কর্মকর্তা গিলবার্ট মোর্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আইবিএফবি নেতারা বলেন, জিএসপি-সুবিধা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রায় সব শর্তই বাংলাদেশ পূরণ করেছে। সে জন্য সুবিধাটি পুনর্বহালের জন্য এটিই উৎকৃষ্ট সময়। তাঁরা বলেন, জিএসপি-সুবিধা পুনর্বহাল হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ ছাড়া তাঁরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা প্রভৃতি বিষয় তুলে ধরেন। বিজ্ঞপ্তি।