যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার (জিএসপি) সুবিধা বহাল থাকবে বলে আশা করছে অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।সংগঠনের সভাপতি আফতাব-উল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের জিএসপি-সুবিধা বাতিল চেয়ে একটি সংগঠন আবেদন করেছে। ইতিমধ্যে বাংলাদেশ তার অবস্থানপত্র তুলে ধরেছে। আশা করি, জিএসপি-সুবিধা বহাল থাকবে।’ যুক্তরাষ্ট্রে জিএসপি বাতিল হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে তিনি উল্লেখকরেন।ঢাকায় ২২তম যুক্তরাষ্ট্রীয় পণ্যের মেলা (ইউএস ট্রেড শো) উপলক্ষে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যামচেমের সভাপতি। ঢাকার রূপসী বাংলা হোটেলে আগামীকাল শুরু হবে তিন দিনের এ মেলা।সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে অ্যামচেমের সচিব আবদুল গফুর জানান, এবারে অংশ নেবে ৫৩টি প্রতিষ্ঠান আর স্টলের সংখ্যা হবে ৯৫।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত কিংবা পরিচয়পত্রধারী শিক্ষার্থীরা মেলায় বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।