যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে কর্মসংস্থান কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে বিস্ময়করভাবে কর্মসংস্থান কমেছে। আলোচ্য মাসে দেশটিতে মাত্র ৭৪ হাজার লোক নতুন চাকরি পেয়েছেন, যা বিশ্লেষকদের প্রত্যাশার অর্ধেক।
আর এটি হচ্ছে সে দেশে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন কর্মসংস্থান। এতে বহু মার্কিন নাগরিক চাকরি পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অর্থাৎ চাকরি পেতে নিরুৎসাহিত হচ্ছেন। তবে ডিসেম্বর মাসে দেশটিতে মন্দ আবওহাওয়ার কারণেও নিয়োগদাতারা লোক নেওয়ার ব্যাপারে পিছুটানে ছিলেন বলে মনে করা হয়।
কিন্তু কর্মসংস্থান হতাশাজনক হলেও দেশটিতে ডিসেম্বরে বেকারত্ব ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। সেটি অবশ্য হয়েছে চাকরিপ্রত্যাশীদের সংখ্যা কমে যাওয়ায়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র সরকার তাঁদেরই কেবল বেকার বলে গণ্য করে, যাঁরা সক্রিয়ভাবে কাজের সন্ধানে আছেন বলে জানান। যাঁরা কাজ পেতে বা করতে চান না তাঁদের সেই দেশে বেকার বলে ধরা হয় না।
ডিসেম্বরের আগের চার মাসে যুক্তরাষ্ট্রে গড়ে দুই লাখ ১৪ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে শ্রমশক্তির অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। যাঁরা কাজ করছেন বা করার অপেক্ষায় আছেন, তাঁদের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৮ শতাংশ; যেটি হলো গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন। সূত্র:বিবিসি।