যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে গত জানুয়ারিতে ৪৯ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে সেটি কমে সাড়ে ৪৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। রপ্তানির পাশাপাশি প্রবৃদ্ধিও কমেছে। বছরের প্রথম দুই মাস শেষে বাজারটিতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয় ৮ দশমিক ৪৬ শতাংশ। প্রথম মাস শেষে প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৩১ শতাংশ।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গত সোমবার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, বছরের দুই মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র ৪৫৫ কোটি বর্গমিটারের সমপরিমাণ কাপড়ের ১ হাজার ৩৭১ কোটি ৫৫ লাখ ডলারের পোশাক আমদানি করেছে। প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। তবে বছরের প্রথম দুই মাসে অপর চার দেশের চেয়ে বাংলাদেশেরই প্রবৃদ্ধি সবচেয়ে কম। ভিয়েতনামের সর্বোচ্চ ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ।
অটেক্সার হিসাব অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৩৪ কোটি ৫৯ লাখ কোটি বর্গমিটার সমপরিমাণ কাপড়ের ৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। অর্থের হিসাবে ৮ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও কাপড় ব্যবহারে প্রবৃদ্ধি পৌনে ১৩ শতাংশ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া ৬ দশমিক ৮৮ শতাংশ পোশাক বাংলাদেশের। গেল বছর এই বাজারে ৫৪০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির গতকাল প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে আমরা খারাপ সময় কাটিয়ে উঠেছিলাম। তবে কোনো কোনো মাসে একটু খারাপ হতে পারে। এতে দুশ্চিন্তা করার কিছু নেই।’ তিনি বলেন, ‘পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে আমরা যত এগোব, ক্রয়াদেশ ততই বাড়বে। যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।’
ভিয়েতনামের ২৩ শতাংশ প্রবৃদ্ধির বিষয়ে মোহাম্মদ নাছির জানান, ভিয়েতনামসহ ১১ দেশের সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এটি বাস্তবায়ন হলে শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে পারবে দেশগুলো। বর্তমানে প্রচুর চীনা ব্যবসায়ীর বিনিয়োগ আছে ভিয়েতনামে। সব মিলিয়ে ভবিষ্যতে দেশটির প্রবৃদ্ধি আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান চীনের দখলেই আছে। বছরের দুই মাস শেষে দেশটি ৪৭৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পোশাকের ৩৫ দশমিক ৯১ শতাংশ চীনের দখলে।
দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। দেশটির রপ্তানি ১৮৭ কোটি ৮৯ লাখ ডলার ও প্রবৃদ্ধি ২৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের ১২ দশমিক ৬৭ শতাংশ ভিয়েতনামের দখলে।
যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন ধরেই তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। চতুর্থ ইন্দোনেশিয়া, রপ্তানি করেছে ৮৬ কোটি ৬১ লাখ ডলার। তাদের প্রবৃদ্ধি ৯ শতাংশ। ভারত পঞ্চম অবস্থানে আছে। তাদের রপ্তানি ৬৯ কোটি ৯১ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার হিস্যার ৪ দশমিক ৩৩ শতাংশ ভারতের দখলে।