যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গত রোববার যুক্তরাষ্ট্রের উপসহকারী সচিব অতুল কেসাপের সম্মানে আয়োজিত নৈশভোজে এফবিসিসিআইয়ের নেতারা এ দাবি জানান। জবাবে অতুল কেসাপ বলেন, বাংলাদেশি ব্যবসায়ী নেতাদের এ দাবি দেশে ফিরে সরকারের নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা হবে। তাঁরা এসব বক্তব্য বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত নৈশভোজ সভা সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যসচিব গোলাম হোসেন, সাংসদ ফজলে আজিম, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, এফবিসিসিআইর পরিচালক ফজলুল হক, আবদুল হাই সরকার প্রমুখ।অতুল কেসাপ বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতে উন্নয়ন দেখতে চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও জলবায়ু, অবকাঠামো উন্নয়ন, পানি ও পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যেতে চায়। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ১৬ কোটি জনগণের দেশ হলো বাংলাদেশ। এর মধ্যে ৪০ ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে। ৩০ লাখ মানুষ তৈরি পোশাক খাতের সঙ্গে জড়িত। এদের ৮০ শতাংশের বেশি নারী। তিনি বলেন, বাংলাদেশ ৩৭০ কোটি ডলার সমমূল্যের তৈরি পোশাক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। তিনি আরও বলেন, অপপ্রচার রয়েছে যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা কম বেতন পান। শ্রমিকদের উপযুক্ত বেতন দেওয়া হয় না। এটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। তিনি বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের দাবি জানান। সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরা একই দাবি জানান।