যুক্তরাষ্ট্রে দুই বছরে তেল উত্তোলন ২৬ শতাংশ বাড়বে
যুক্তরাষ্ট্রে আগামী দুই বছরে জ্বালানি তেল উত্তোলন ২৬ শতাংশ বাড়বে। এর ফলে ২০১৪ সাল নাগাদ দেশটিতে তেল উৎপাদনের পরিমাণ ২৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে।বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক যুক্তরাষ্ট্র বৈদেশিক তেলের চাহিদা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে উত্তোলনে জোর দিতে যাচ্ছে। দেশটির সরকারি সংস্থা এনার্জি ইনফরমেশন এজেন্সি (ইআইএ) এই পূর্বাভাস দিয়েছে। খবর বাসস ও এএফপির।ইআইএ জানায়, ২০১৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ বেড়ে ৭৯ লাখ ২০ হাজার ব্যারেলে দাঁড়াবে। ১৯৮৮ সালের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে দৈনিক সর্বোচ্চ পরিমাণ তেল উত্তোলনের রেকর্ড। আর তা হবে বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী সৌদি আরবের কাছাকাছি। সৌদি আরব বর্তমানে দৈনিক এক কোটি ব্যারেলের বেশি তেল উত্তোলন করে।এদিকে বিদায়ী ২০১২ সালে যুক্তরাষ্ট্র দৈনিক ৬৪ লাখ ৩০ হাজার ব্যারেল উত্তোলন করে।ইআইএর পূর্বাভাস অনুযায়ী বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের গড় দাম গত বছরের ১১২ মার্কিন ডলার থেকে কমে ১০৫ ডলারে নেমে আসবে।