যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১.৭৫ শতাংশ

চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) যুক্তরাষ্ট্রের বাজারে ৪৫৮ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই আয় গত বছরের একই সময়ের ৪৬৬ কোটি ডলারের রপ্তানির চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কম।
বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এমনটা জানা গেছে। এ পরিসংখ্যান প্রকাশ করে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে ১৫৮ কোটি বর্গমিটার কাপড়ের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি কমেছে ১ দশমিক ২২ শতাংশ। তবে দেশটিতে তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারকের অবস্থানটি বাংলাদেশ ধরে রেখেছে।
আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, ভারত ও মেক্সিকো আছে। ব্যতিক্রম কেবল ভিয়েতনাম। এই দেশগুলো থেকেই সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়। বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান পোশাক আমদানি কিছুটা কমিয়ে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
অটেক্সার হিসাব অনুযায়ী, গত বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে ৭ হাজার ২৭৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছিল। চলতি বছরের একই সময়ে দেশটি আমদানি করেছে ৬ হাজার ৮৯৯ কোটি ডলারের পোশাক। তার মানে, সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে এবার পোশাক আমদানি কমেছে ৫ দশমিক ২১ শতাংশ।
যুক্তরাষ্ট্র আমদানি কমিয়ে দেওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। কারণ এই দেশটি থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৩৪ শতাংশ পোশাক কিনে থাকে। চীন থেকে চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে ২ হাজার ৪০৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে; যা গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৩৪ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে রপ্তানি করেছিল ৯০৩ কোটি ডলারের পোশাক। এবার একই সময়ে তাদের পোশাক রপ্তানি ১৯ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯২২ কোটি ডলারে। রপ্তানিতে তাদের প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশের বেশি।
চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৪০৪ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ইন্দোনেশিয়া। এই আয় গতবারের একই সময়ের ৪২২ কোটি ডলারের চেয়ে ৪ দশমিক ২২ শতাংশ কম। এ ছাড়া আলোচ্য সময়ে ভারত ৩১৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। গত বছরের প্রথম ১০ মাসে দেশটি ৩১৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল। এবার ভারতের রপ্তানি কমেছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত।
মেক্সিকো চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রে ২৮২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এই আয় গত বছরের একই সময়ের ৩০৩ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কম। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে মেক্সিকোর অবস্থান ষষ্ঠ।