যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক কত?
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশের শুল্ক দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বক্তব্যকে ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ইকোনমিক রিপোর্টার্স (ইআরএফ) ফোরামের এক অনুষ্ঠানে মজীনা বলেছিলেন, ‘পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ শূন্য, শূন্য, শূন্য (জিরো, জিরো, জিরো) শুল্ক দেয়।’
আর গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনডেনটিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (বিআইএএ) আইএসও সনদ অর্জন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর জবাবে বলেন, ‘মজীনার বক্তব্য মিথ্যা, মিথ্যা, মিথ্যা (ফলস, ফলস, ফলস)।’
বাণিজ্যমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, শুল্ক যোগ হওয়ার পর পণ্যের যে দাম দাঁড়ায়, সেটাই দেয় যুক্তরাষ্ট্রের ক্রেতারা। তাই ক্রেতারা পণ্যটির শুল্ক দেয় বলে মনে করা হতে পারে। যদি ধরেও নেওয়া হয় যে উৎপাদক ও রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রকে শুল্ক দেয় না, দেয় বরং ক্রেতাপ্রতিষ্ঠানগুলো, তাহলেও এটা দাঁড়ায় যে শুল্ক না থাকলে তারা কম দামে বাজারে পণ্য বিক্রি করতে পারত।
মজীনা আরও বলেছিলেন, বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের কাছ থেকে শুল্ক দিয়ে কিনে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করছে—যার ভার শেষ পর্যন্ত গিয়ে পড়ছে দেশটির জনগণের ঘাড়েই।
যুক্তরাষ্ট্রকে গত পাঁচ বছরে ৩৪১ কোটি ডলার শুল্ক দিয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বরং কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্ক দিতে হয় না।
এদিকে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ শুল্ক দেয় না বলে মজীনা যে বক্তব্য রেখেছেন, তা বাজার প্রবেশাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের আমদানিকারককে আমাদের দেশের পোশাকের ওপর শুল্ক দিতে হয়, যার ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের মূল্য বেশি হয়। উল্লেখ্য, আগোয়া ও ক্যারিবীয় দেশগুলো এ সুবিধা পেলেও বাংলাদেশ এ সুবিধা থেকে বঞ্চিত। এ কারণে আমরা প্রতিযোগী সক্ষমতা ক্রমেই হারাচ্ছি।’
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের ওপর গড়ে ১৬ শতাংশ শুল্ক আরোপ করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সিদ্ধান্ত অনুসারে যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত সুবিধা প্রদান করলে ওই দেশের আমদানিকারককে শুল্ক দিতে হবে না। তখন বাংলাদেশের পোশাক কমমূল্যে বিক্রি হবে। এতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা অধিক হারে আমদানি করতে উৎসাহিত হবেন। অর্থাৎ বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়বে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রেড কমিশনের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশি পণ্য আমদানির বিপরীতে ৬৪ কোটি ২০ লাখ ডলার শুল্ক আদায় করেছে দেশটি। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্র গড়ে ১৫ দশমিক ৫০ শতাংশ শুল্ক আদায় করে।
শুল্ক নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিত করে রেখেছে—এই তথ্য উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, জিএসপি ফেরতে কর্মপরিকল্পনা তৈরি করে ১৬টি শর্ত দিয়েছিল তারা। সেগুলোর প্রায় সব পূরণ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে। দেশটি সম্প্রতি আবার কিছু শর্ত দিয়েছে, যা কাঙ্ক্ষিত নয়। বুঝতে হবে যে কিছু বিষয় বাস্তবায়নে সময় লাগে।
শর্তগুলোর মধ্যে রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া। কয়েক দিন আগে বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছিলেন, ট্রেড ইউনিয়নের বিকল্প ব্যবস্থা ইউপিজেডে চালু রয়েছে। পুরোপুরি ট্রেড ইউনিয়ন যে সম্ভব নয়, যুক্তরাষ্ট্রকে তা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন।
আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ে (ইউএসটিআর) নতুন করে অভিযোগসংবলিত একটি প্রতিবেদন দাখিল করেছে, যা গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে বলে জানা গেছে। এতে পোশাক খাতের পাশাপাশি একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির বিরুদ্ধে শ্রম অধিকার ক্ষুণ্নের কথা বলা হয়েছে।
বিআইএএর সভাপতি কে এম এইচ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ঢাকা চেম্বারের সভাপতি মো. শাহজাহান খান ও ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন।