যুক্তরাষ্ট্রে বাড়ির দাম সাত বছরের সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসে বাড়ির দাম ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দেশটিতে ২০০৬ সাল-পরবর্তী সাত বছরের মধ্যে এটিই হলো বাড়ির দামে সর্বোচ্চ প্রবৃদ্ধি।
এসঅ্যান্ডপি/কেইস-শিল্লার হোম প্রাইস ইনডেক্স বা সূচকে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম বৃদ্ধি পাওয়ার এই তথ্য উঠে এসেছে। এই সূচকে দেশটির ২০টি শহরের একক পরিবার বসবাস করে, এমন বাড়ির দাম নিয়ে জরিপ চালিয়ে সূচকটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, ১৩টি শহরেই বাড়ির দাম বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দেশের অর্থনীতিকে চাঙা করে তোলার লক্ষ্যে প্রতি মাসে সাড়ে আট হাজার কোটি ডলারের সম্পদ ক্রয়ের সিদ্ধান্ত নেয় গত সপ্তাহে। ২০০৮ সালের দিকে বন্ধকি ঋণের সংকটের কারণে দেশটিতে বাড়ির দামে রেকর্ড পতনের পরিপ্রেক্ষিতে গত বছরে তা বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করে।
মাসিক হিসাবে অবশ্য জুনের চেয়ে জুলাইয়ে দেশটিতে বাড়ির দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বার্ষিক হিসাবে বাড়ির দাম সর্বোচ্চ ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে লাসভেগাস শহরে। অন্য শহরগুলোর মধ্যে সান ফ্রান্সিসকো, লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে ২০ শতাংশের বেশি বেড়েছে। সূত্র: বিবিসি।