যুক্তরাষ্ট্রে বেকারত্ব খানিকটা বেড়েছে
যুক্তরাষ্ট্রে গত ফেব্রুয়ারি মাসে নতুন এক লাখ ৭৫ হাজার লোকের চাকরি হয়েছে। তা সত্ত্বেও দেশটিতে বেকারত্বের হার খানিকটা বেড়ে ৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে।
সাম্প্রতিককালের বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান আরও কম হতে পারে বলে ধারণা করা হয়েছিল।
মার্কিন শ্রম বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। কৃষি খাতবহির্ভূত মজুরি ও নিয়োগদাতাদের ওপর পরিচারিত জরিপে এ তথ্য উঠে আসে।
বেকারত্বের হার জানুয়ারি মাসের ৬ দশমিক ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৭ শতাংশ হয়েছে।
যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসে নতুন এক লাখ ২৯ হাজার লোকের কর্মসংস্থান হয়েছিল। সে আলোকে বিশ্লেষকেরা আশা করেছিলেন, ফেব্রুয়ারিতে তা দেড় লাখে উন্নীত হবে। কিন্তু বাস্তবে এই সংখ্যা তার চেয়েও ২৫ হাজার বেশি হয়েছে। তবে আর্থিক ও সেবা খাতেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে। এই দুটি খাতে চাকরি হয় ৭৯ হাজার লোকের। আর নির্মাণ খাতে ১৫ হাজার নতুন কর্মসংস্থান হয়।
তবে ফেব্রুয়ারি মাসে মার্কিন তথ্য খাতে ১৬ হাজার লোকের চাকরি গেছে, যাঁদের অধিকাংশই হলেন চলচ্চিত্র ও সাউন্ড রেকর্ডিংয়ের কাজ করতেন। সূত্র: বিবিসি