যুক্তরাষ্ট্রে ব্র্যান্ড ফোরামের সেমিনার-প্রদর্শনী হবে
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম মার্কিন যুক্তরাষ্ট্রে চার দিনব্যাপী ‘মিট বাংলাদেশ: এশিয়ার পরবর্তী সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। একই সঙ্গে প্রদর্শনীর মাধ্যমে দেশের সমকালীন চিত্রকলা ও সংস্কৃতি তুলে ধরবে সংগঠনটি।ঢাকার একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য-শিল্প এবং অন্যান্য খাতের সাফল্য ও সম্ভাবনাগুলো যুক্তরাষ্ট্রের সরকার, বিনিয়োগকারী এবং গবেষকদের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।এ সময় উপস্থিত ছিলেন ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ ফরহাত আনোয়ার, উপদেষ্টা নাজিয়া আন্দালিব, জিপি আইটির প্রধান নির্বাহী পিটার ডিন্ডিয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান।সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যথাক্রমে আগামী ৬ ও ৭ এবং ১১ ও ১২ অক্টোবর এই অনুষ্ঠান হবে। সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, বাংলাদেশের অবকাঠামো ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনা আছে। কিন্তু প্রচারের অভাবে বিশ্ববাসী তা জানছে না। সে কাজটিই এই সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে করা হবে।