যুক্তরাষ্ট্রে রেকর্ড রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ছয় বছরে ১৪৭ কোটি ডলার বেড়ে গেল বছর ৫৪০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত ২০১৫ পঞ্জিকা বর্ষের হিসাবে এটিই দেশটিতে এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ পোশাক রপ্তানি। বাজারটিতে আবার ঘুরে দাঁড়াতে পেরে দেশের পোশাক রপ্তানিকারকেরা খুশি। তাঁদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে রপ্তানি আয় আরও বাড়বে।
বাংলাদেশ গত বছর মোট ২ হাজার ৬৬০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ২০ শতাংশ বা ৫৪০ কোটি ডলারের পোশাক। এই আয় দেশটিতে ২০১৪ সালের ৪৮৩ কোটি ডলারের রপ্তানির চেয়ে ১১ দশমিক ৭৪ শতাংশ বেশি। ২০১১ সালের পর এটিই এ বাজারে সর্বোচ্চ প্রবৃদ্ধি। ওই বছরে সাড়ে চার শ কোটি ডলারের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৪ দশমিক ৭৪ শতাংশ। অবশ্য তার আগের বছর, অর্থাৎ ২০১০ সালে প্রবৃদ্ধি হয়েছিল ১৫ শতাংশের বেশি।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর একাধিক নেতা জানান, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু সাভারে রানা প্লাজা ধসের পর দেশের পোশাক খাত নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়, মুখ ফিরিয়ে নেন বিদেশি অনেক ক্রেতা। এ কারণে ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় চলে যায়। ঠিক এক বছর পরে সেই বলয় থেকে বের হয়ে আসে বাংলাদেশ।
জানতে চাইলে বিজিএমইএর সাবেক সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘কারখানার কর্মপরিবেশ উন্নয়নে পরিদর্শন শেেষ সংস্কারকাজ চলছে। এতে করে ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে এসেছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে ধীরগতি ছিল, সেটি কেটে যাচ্ছে। তাই এ বাজারে পোশাক রপ্তানি বাড়ছে।’
শহিদউল্লাহ আজিম মনে করেন, কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেওয়ায় অন্য প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে। এ জন্য ভবিষ্যতে রপ্তানি বাড়বে। তবে তিনি বলেন, বড় আকারে রপ্তানি বাড়াতে হলে উচ্চমূল্যের পোশাক উৎপাদনে যেতে হবে। সে ক্ষেত্রে গ্যাস-বিদ্যুৎ প্রাপ্তির নিশ্চয়তা লাগবে।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গত শুক্রবার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত বছর যুক্তরাষ্ট্র মোট ২ হাজার ৭২১ কোটি বর্গমিটার কাপড়ের ৮ হাজার ৫১৬ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেশি।
অটেক্সা বলছে, বাংলাদেশ থেকে গত বছর ১৮৬ কোটি বর্গমিটার কাপড়ের পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ১৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানির ৬ দশমিক ৩৪ শতাংশ গেছে বাংলাদেশ থেকে। ২০১০ সালে এই হার ছিল সাড়ে ৫ শতাংশ।
এদিকে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থান চীনের দখলেই আছে। গত বছর দেশটি ৩ হাজার ৫৪ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পোশাকের ৩৫ দশমিক ৮৬ শতাংশ রয়েছে চীনের দখলে। ১ হাজার ৫৬ কোটি ডলারের পোশাক রপ্তানি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।