যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা ছাড়া রপ্তানি বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক বেশি হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর তুলনায় সে দেশে বাংলাদেশের রপ্তানি কম হারে বাড়ছে। আর তাই ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করেছেন।একই সঙ্গে তাঁরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার তাগিদ দিয়েছেন। গতকাল বুধবার ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে এসব দাবি জানানো ও তাগিদ দেওয়া হয়।দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ মালেক ও সাংসদ ফজলুল আজিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডি নেট লিমিটেডের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান।আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশ অ্যামচেম সভাপতি আফতাব-উল ইসলাম, বিটিএমএ সভাপতি আবদুল হাই সরকার, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিনিয়োগ বোর্ডের সদস্য আবু রেজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিতাভ চক্রবর্তী, ডব্লিউটিও সেলের পরিচালক শরিফা খানম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ থাকার পরও শুল্ক বেশি হওয়ায় বাড়ানো যাচ্ছে না। বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়ানোর স্বার্থে তিনি যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক কমানোর আহ্বান জানান।মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়লে বাংলাদেশ বেশি লাভবান হবে। তবে এ জন্য বাংলাদেশের উৎপাদনকারীদের আরও দক্ষতা বাড়াতে হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে ইপিজেডে ‘শ্রমিক কল্যাণ সংঘ’ গঠনের সুযোগ দিয়েছে। এ ছাড়া তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য অন্যান্য যেকোনো সময়ের চেয়ে ২০১০ সালে বাড়ছে। ২০১০ সালের প্রথম অর্ধে আগের বছরের একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৫ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। অন্যদিকে, এ সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি ২ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন কারখানায় শ্রমিকদের আন্দোলনের কারণে শ্রমিক নেতা গ্রেপ্তারের ঘটনায় মার্কিন কংগ্রেসের সদস্য ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোকে বৈঠক করার সুপারিশ করেন। এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মর্যাদা বাড়বে।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত।মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. অনন্য রায়হান বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ানোর আরও সুযোগ থাকলেও বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শুল্কমুক্ত প্রবেশাধিকার না পাওয়ায় বাড়ানো সম্ভব হচ্ছে না।অনন্য রায়হান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে তিনটি প্রস্তাব করেন। এগুলো হলো: অগ্রাধিকার বাজারসুবিধার উন্নয়ন, বর্তমান সুবিধার পুরোমাত্রায় ব্যবহার ও দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদন।