এ সপ্তাহের সাক্ষাৎকার: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জিএসপি সংশোধন করেছে। অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্রের নির্বাচন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দুই বড় বাজারে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে কথা বলেছেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন
যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পেতে সর্বাত্মক চেষ্টা নিতে হবে
প্রথম আলো: ইইউ অতি সম্প্রতি জিএসপি (জেনারালাইজড স্কিম অব প্রেফারেন্স) সংশোধন করেছে। এতে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে কী ধরনের প্রভাব পড়তে পারে?সফিউল ইসলাম মহিউদ্দিন: বর্তমানে ১৭৬টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ ও ভূখণ্ড ইইউতে অগ্রাধিকার সুবিধা পায়। নতুন জিএসপিতে এই সংখ্যা কমিয়ে ৮৯টি দেশ ও ভূখণ্ডের জন্য সুবিধাটি রাখা হয়েছে। যে ৮৭টি দেশ ও ভূখণ্ডের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাতে ব্রাজিল, সাউথ আফ্রিকা ও মালয়েশিয়া আছে। ব্রাজিল তুলা উৎপাদনকারী দেশ। তাদের বস্ত্র খাতে অনেক অভিজ্ঞতা রয়েছে। ফলে এ রকম কয়েকটি দেশ জিএসপি না পাওয়ায় বাংলাদেশের জন্য কিছুটা লাভ হতে পারে। তবে সেটা তেমন বড় কিছু নয়।প্রথম আলো: ইইউতে পোশাক রপ্তানিতে আমাদের বর্তমান ও আসন্ন সমস্যা কী কী?সফিউল ইসলাম মহিউদ্দিন: আমাদের সমস্যা হচ্ছে ভারত ও ইইউর মধ্যে চলমান দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। এটি হলে ভারত ইইউর বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের মতোই সব সুবিধা পাবে। এতে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে ভারত বৃহৎ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হবে। আবার মিয়ানমারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর যে বাণিজ্য নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। ভূরাজনৈতিক অবস্থানগতসহ নানা কারণে মিয়ানমার এখন আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ ও অন্যান্য দেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য শুরু হয়েছে। গ্যাসসহ অন্যান্য সম্পদে মিয়ানমার সমৃদ্ধ, তাই ভবিষ্যতে মিয়ানমার বাংলাদেশের বড় প্রতিযোগী হতে পারে। পাকিস্তান ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে জিএসপি প্লাস পাবে। সে আলোচনা চলছে। কতগুলো শর্ত পালন করে স্বাক্ষর করলেই পাকিস্তান এটা পেয়ে যাবে। এসব পরিস্থিতি বাংলাদেশের পোশাক রপ্তানিকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিযোগিতার মুখোমুখি করবে।প্রথম আলো: সম্ভাব্য এসব প্রতিযোগিতা মোকাবিলায় আমাদের কী করণীয় মনে করেন?সফিউল ইসলাম মহিউদ্দিন: আমাদের করণীয় নিয়ে বহু বছর ধরে ব্যবসায়ী সমাজ তাগিদ দিয়ে আসছে। গ্যাস-বিদ্যুৎ, বন্দর, পরিবহনসহ অবকাঠামো উন্নয়নের কথা সব সময় বলা হয়। এর বাইরে আমি সরকারের কাছে একটি সমন্বিত উদ্যোগের প্রস্তাব করব। তাহলো, পোশাক খাতে শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত পরিকল্পনা করা। এখন আমরা বিক্ষিপ্তভাবে বিজিএমইএ, বাণিজ্য মন্ত্রণালয় ও কারখানায় কাজের মধ্য দিয়ে নানা ধরনের প্রশিক্ষণ দিচ্ছি। এগুলোকে সমন্বিত করে কর্মক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করতে হবে। তাতে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।প্রথম আলো: যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই প্রচেষ্টা চলছে। বারাক ওবামা আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। এ পরিস্থিতিতে কোনো অগ্রগতি আসবে বলে মনে করেন?সফিউল ইসলাম মহিউদ্দিন: আমাদের প্রচেষ্টাগুলো প্রতিবারই আঁতুর ঘরে মরে যাচ্ছে। এবারও রিপাবলিকানরা কংগ্রেসের প্রাধান্যে রয়েছেন। আমরা যেটুকু করতে পারি তাতে প্রস্তাবটি কংগ্রেসের আলোচনায় ওঠে। কিন্তু শেষ হয় না। এভাবেই চলছে। এখন দুই দেশের সরকারের মধ্যে একটা সিরিয়াস আলোচনা হতে হবে। যাতে বিল ওঠার পর সেটা নিয়ে আলোচনা হয়ে পাস হয়। আমেরিকার বাজারে বাংলাদেশকে গড়ে ১৫ দশমিক ৩০ শতাংশ হারে শুল্ক দিতে হয়। নন-কটন বা সুতি নয় এমন পোশাক পণ্যে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। ফলে আমরা আমেরিকায় নন-কটন পোশাক রপ্তানি করতে পারি না। বছরে আমরা আমেরিকাকে রপ্তানি বাবদ শুল্ক দিই ৬৫ কোটি ডলার। আমেরিকার মতো ট্রিলিয়ন ডলারের অর্থনীতির জন্য ৬৫ কোটি ডলার এমন কিছু নয়। আমরা সর্বাত্মক চেষ্টা করলে এটা অর্জন সম্ভব।[সাক্ষাৎকার নিয়েছেন মনজুর আহমেদ]