যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত-সুবিধা যেন সুদূরপরাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য জোটের বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের রপ্তানিপণ্যের বৃহত্তম বাজার। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৫২ শতাংশই যায় ইইউতে। আর উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য অঞ্চল (নাফটা) হলো জোট হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ২৬ শতাংশ যায় নাফটায়।তবে ইইউভুক্ত সব রাষ্ট্রই সমানভাবে বাংলাদেশের পণ্য আমদানি করে না, বরং একক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১০-১১ অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৫৩৩ কোটি ৫১ লাখ ডলার। এটি তার আগের অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ এবং গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৮৬ শতাংশই তৈরি পোশাক। সে কারণে, যখনই যুক্তরাষ্ট্রের বা আমেরিকার বাজারের প্রসঙ্গ ওঠে, সেখানে তৈরি পোশাকের বিষয়টিই সবচেয়ে প্রাধান্য পায়। তৈরি পোশাকের মধ্যে আবার ওভেন পোশাকের প্রাধান্য রয়েছে। গত অর্থবছর যুক্তরাষ্ট্রে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৫০ কোটি ডলার, যা মোট ওভেন পোশাক রপ্তানির প্রায় ৪২ শতাংশ। আর নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১১২ কোটি ডলার, যা নিটের মোট রপ্তানির প্রায় ১২ শতাংশ। সাধারণভাবে যুক্তরাষ্ট্রকে ওভেন পোশাকের এবং ইউরোপকে নিট পোশাকের প্রধান বাজার বলা হয়ে থাকে।রপ্তানির এই উচ্চ প্রবণতায় অবশ্য খুব খুশি হওয়ার অবকাশ কম। কেননা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির প্রায় ৯৫ শতাংশই উচ্চহারে শুল্ক দিয়ে প্রবেশ করতে হয়। সরাসরি বাংলাদেশি রপ্তানিকারকেরা এই শুল্ক দেন না। সাধারণত, সেখানকার আমদানিকারকেরাই শুল্কের ভার বহন করেন এবং এই শুল্ক অত্যন্ত বৈষম্যমূলক।যেমন, ২০১০ সালে বাংলাদেশ ও কম্বোডিয়া থেকে পণ্য আমদানির বিপরীতে যথাক্রমে ১৫ দশমিক ৩ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ হারে শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। একই সময় যুক্তরাজ্য ও ব্রাজিল থেকে পণ্য আমদানির বিপরীতে যথাক্রমে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ ও ১ শতাংশ হারে শুল্ক আদায় করা হয়েছে। এর মানে হলো, বাংলাদেশ ও কম্বোডিয়া যা রপ্তানি করে, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পণ্য রপ্তানি করেও ব্রাজিল বা যুক্তরাজ্য অনেক কম শুল্ক দেয়। বাংলাদেশ তাই বহু দিন ধরেই চাইছে এই বৈষম্যের অবসান। চাইছে শুল্কমুক্ত বাজারসুবিধা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।অথচ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বহুপক্ষীয় বাণিজ্য আলোচনায় বাংলাদেশের মতো গরিব বা স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) উন্নত বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বহুপক্ষীয় বাণিজ্যকাঠামোর আওতায় ইতিমধ্যে বিশ্বের সব উন্নত দেশ বাংলাদেশসহ গরিব দেশগুলোকে অবাধ বাজারসুবিধা দিয়ে দিয়েছে। একমাত্র ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, নেপাল ও কম্বোডিয়া—এই তিনটি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্তসুবিধা থেকে বঞ্চিত। অন্য দেশগুলো যে শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে, তা দিয়েছে সেসব দেশে পণ্য প্রবেশের ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রদান থেকে অব্যাহতির মাধ্যমে। অবশ্য শুল্কমুক্ত-সুবিধা দিলেও বিভিন্ন দেশ রুলস অব অরিজিন বা পণ্যের উৎসবিধিতে কিছু শর্ত আরোপ করে রেখেছে, যার ওপর নির্ভর করছে শুল্কমুক্তসুবিধার প্রকৃত সুফল। এ ক্ষেত্রে সবচেয়ে শিথিলতা দেখিয়েছে কানাডা। মাত্র ২৫ শতাংশ হারে স্থানীয় মূল্য সংযোজন করেই কানাডায় পোশাকসহ পণ্য রপ্তানি করা যাচ্ছে। গত অর্থবছরে কানাডায় বাংলাদেশের রপ্তানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০০৯-১০ অর্থবছরে যেখানে বাংলাদেশ থেকে ৬৭ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, সেখানে ২০১০-১১ অর্থবছরে রপ্তানি দাঁড়িয়েছে ১০০ কোটি ৫৫ লাখ ডলার। কানাডা ২০০৩ সাল থেকে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে। এর পর থেকেই সেখানে রপ্তানি দ্রুত হারে বাড়ছে। হালে একটি খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব পণ্যের শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই খবরে অবশ্য বাংলাদেশের রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা খুব একটা উৎফুল্ল নন। প্রথমত, এটা এখনো নিশ্চিত নয় যে, ঠিক কী প্রক্রিয়ায় এই সুবিধা দেওয়া হবে। দ্বিতীয়ত, কবে থেকে এটা কার্যকর হবে। তৃতীয়ত, কিসের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমএই) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার এ রকম কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানি না। তবে প্রতিবছরই আমেরিকার বাণিজ্য বিভাগ (ইউএসটিআর) বাংলাদেশসহ বিভিন্ন দেশকে দেওয়া জিএসপি-সুবিধা পর্যালোচনা করে। এ বছরই সে রকম পর্যালোচনা হবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত-সুবিধা দিলে তাদের কী সুবিধা-অসুবিধা হবে, তা নিয়েও পর্যালোচনা হতে পারে। তাই বাংলাদেশ শুল্কমুক্ত-সুবিধা পেতে যাচ্ছে, এখনই তা বলা যাচ্ছে না।’ফজলুল হক আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার। কাজেই এই বাজারে শুল্কমুক্ত-সুবিধা পাওয়া গেলে তা অবশ্যই বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বিরাট প্রাপ্তি হবে। এতে একদিকে যেমন বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে, অন্যদিকে দেশেও তৈরি পোশাক খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।’বিকেএমইএর সাবেক সভাপতি অবশ্য মনে করেন, উচ্চ শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিবছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে। আর রপ্তানির এই প্রবৃদ্ধিই শুল্কমুক্ত-সুবিধা পেতে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।ফজলুল হক তাঁর ধারণার সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্য বিভাগের কর্মকর্তারা যখন বাংলাদেশ সফর করেছেন, তখন তাঁরা বলেছেন, বাংলাদেশ তো এমনিতেই ভালো হারে রপ্তানি করছে। কাজেই, শুল্কমুক্ত-সুবিধার দরকার কী?’যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির প্রবৃদ্ধির হার ভালো, তবুও তুলনা করলে দেখা যায়, রপ্তানির শীর্ষ বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির হার কম। ২০১০-১১ অর্থবছরের পরিসংখ্যানই দেখা যেতে পারে। ইপিবির পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছর জার্মানিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, ফ্রান্সে ৪৭, যুক্তরাজ্যে ৩৫, স্পেনে ৬১, কানাডায় ৪৯, ভারতে ৬৮, চীনে ৭৮ ও অস্ট্রেলিয়ায় প্রায় ১২৩ শতাংশ। একই সময় যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো শুল্কমুক্ত-সুবিধা পাওয়া গেলে বাংলাদেশের রপ্তানি যে যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে বেড়ে যেত। তবে পরিমাণ অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৬০ বা ৭০ শতাংশ প্রবৃদ্ধি হওয়া খুব কঠিন। অবশ্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক উপদেষ্টা মনজুর আহমেদ মনে করেন, কূটনৈতিক ব্যর্থতার কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেতে ব্যর্থ হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ডব্লিউটিওতে বাংলাদেশ ১৯৯৬ ও ১৯৯৮ সালে ‘সিঙ্গাপুর ইস্যু’-তে উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হয়। ফলে ১৯৯৮ সালে আফ্রিকা ও ক্যারিবীয় দেশগুলোকে যখন শুল্কমুক্তসুবিধা দেওয়া হয়, তখন বাংলাদেশ বাদ পড়ে যায়। অথচ প্রাথমিক খসড়ায় বাংলাদেশের নাম ছিল।মনজুর আহমেদ আরও বলেন, ২০০৫ সালে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিফা) সম্পাদনের বিষয়টি আলোচনায় আসে। পরে তা আর অগ্রসর হয়নি বা হতে পারেনি। ফলে শুল্কমুক্ত-সুবিধা পাওয়া আরও কঠিন হয়ে যায়।তিনি ব্যাখ্যা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সাধারণত কোনো বিস্তৃত বাণিজ্য চুক্তিতে প্রবেশের আগে রূপরেখা চুক্তি করে থাকে। টিফা সে রকমই একটি চুক্তি। অথচ বাংলাদেশ ছয় বছর ধরে এটা ঝুলিয়ে রেখেছে। যেসব যুক্তি দেখিয়ে টিফার বিরোধিতা করা হচ্ছে, তা সঠিক নয়।’মনজুর আহমেদ বলেন, টিফা না হলেও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ফোরাম (টিইসিএফ) গঠনের চুক্তি করার বিষয়টি অনেকদূর এগিয়েছে। টিফার সঙ্গে এর মৌলিক কোনো পার্থক্য নেই। এই চুক্তি হলে পরে হয়তো যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত-সুবিধা পাওয়ার বিষয়টি সহজ হবে। ডব্লিউটিওর চলমান দোহা আলোচনা পর্বের আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত-সুবিধা পাবে কি না, জানতে চাইলে মনজুর আহমেদ বলেন, ‘এটা নির্ভর করছে এ বছরের শেষভাগে জেনেভায় ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কী হয় তার ওপর। একটা ইতিবাচক দিক হলো, ২০১১ সালের মধ্যেই এলডিসির বিষয়গুলো নিষ্পত্তি করার বিষয়ে সবাই মোটামুটি একমত হয়েছে। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই শুল্কমুক্ত বাজারসুবিধার বিষয়টি চলে আসবে।’উল্লেখ্য, ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসকেল লামি গত ৩১ মে ট্রেড নেগোসিয়েশন কমিটির এক অনানুষ্ঠানিক বৈঠকে এ বিষয়টি উল্লেখ করেন। যদি শেষ পর্যন্ত এই সমঝোতা হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে আর শুল্কমুক্ত-সুবিধা না দিয়ে কোনো উপায় থাকবে না বলে মনে করেন মনজুর আহমেদ। তিনি আরও বলেন, কোনো একটি দেশের নির্দিষ্ট কোনো পণ্যকে শুল্কমুক্ত-সুবিধা দেব না—এমন পদক্ষেপও নেওয়া যাবে না। না দিতে চাইলে সব দেশের জন্য তা প্রযোজ্য হবে, দিলেও সব দেশের জন্যই দিতে হবে।