যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তসুবিধা পাওয়ার সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা কীভাবে দেখছেন?জায়েদী সাত্তার: অর্থনীতির একটা নিজস্ব গতি থাকে। বাংলাদেশেরও সেটি রয়েছে। কেউ হঠাৎ করে এই গতি বন্ধ করে দিতে পারে না, পারবেও না। ৪০ বছর ধরে উন্নতির একটা ধারা চলছে। বিশেষ করে গত ২০ বছরে অর্থনীতিতে অনেক নতুন বিষয় যুক্ত হয়েছে। আমি মনে করি, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ‘টেক অফ’ অবস্থায় বা উত্তর পর্যায়ে রয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বার্ষিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ থেকে বেড়ে ৭-৮ শতাংশে উন্নীত করা গেলে তা পূর্ণাঙ্গ ‘টেক অফ’ হতো। এখানে আমরা কিছুটা স্তিমিত হয়ে গেছি। প্রবৃদ্ধির হার ৬ থেকে সাড়ে ৬ শতাংশে আটকে গেছে। সে জন্য আমরা আমাদের সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে পারছি না, অর্জন করতে পারছি না। অথচ সম্ভাবনাগুলো চোখের সামনে রয়েছে। এই অর্জনগুলো না হওয়াটাই আমাদের ব্যর্থতা। দেশের মানুষের পাওনাগুলো মিটিয়ে দিতে পারছি না। প্রথম আলো: মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজারসুবিধা ও জিএসপি নিয়ে ইদানীং বেশ আলোচনা হচ্ছে। আমেরিকা জিএসপি স্থগিত করতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী?জায়েদী সাত্তার: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের প্রধান রপ্তানিপণ্য হলো তৈরি পোশাক। এটা আমাদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই খাতটির মাধ্যমে দেশে একশ্রেণীর উদ্যোক্তা তৈরি হয়েছেন। শুধু সরকারের নীতিগত ও পদ্ধতিগত সুবিধায় দেওয়ায় এ খাতটি এতদূর এসেছে। আর এই খাতের প্রতিযোগিতা করার সক্ষমতাও রয়েছে। অন্য খাতের একই রকম সুবিধা দেওয়া উচিত। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে এখন তৈরি পোশাক খাতকে গড়ে ১৫ থেকে ১৬ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করতে হয়। তার পরও রপ্তানি বাড়ছে। ক্যারিবীয় ও আফ্রিকার দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র শতভাগ শুল্কমুক্ত-সুবিধা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আমদানিকারক ও ক্রেতারা মনে করেন, শুল্ক দিয়েও বাংলাদেশের তৈরি পোশাক খাত প্রতিযোগিতা করতে সক্ষম। তাই এই সুবিধার প্রয়োজন নেই। সে জন্যই যুক্তরাষ্ট্রের বাজারে শতভাগ শুল্কমুক্তসুবিধা পাওয়ার সম্ভাবনা কম। আবার অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) সুবিধায় তৈরি পোশাক রপ্তানি হয় না। বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের মাত্র আধা শতাংশ জিএসপির আওতায় আছে। তাই জিএসপিসুবিধা বন্ধ করে দিলে বাংলাদেশের অর্থনীতিতে খুব একটা প্রভাব পড়বে না। তবে সারা বিশ্বে এক ধরনের সংকেত বা বার্তা যাবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নেও এ ধরনের সুবিধা বন্ধ করার তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা এখন মানবাধিকার ইস্যু নিয়ে আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। বাংলাদেশে কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর মতো ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। এটা দেশের জন্য ক্ষতিকর। তাই বাংলাদেশের সামনে শ্রমিককের সুযোগ-সুবিধা ও কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার আর কোনো বিকল্প নেই। প্রথম আলো: অনেকেই বলেন, সস্তা শ্রমের কারণে বাংলাদেশ দারিদ্র চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না। এটা কি ঠিক? জায়েদী সাত্তার: বাংলাদেশে এখনো অতিরিক্ত শ্রমশক্তি রয়েছে। আমরা তাদের কর্মসংস্থান করতে পারছি না। তাই কেউ অপেক্ষাকৃত কম মজুরি দিতে চাইলে এসব বেকার শ্রমিক তা লুফে নেবে। অতিরিক্ত শ্রমশক্তি থাকলে সস্তা মজুরিও থাকবে। আর অর্থনৈতিক অগ্রগতি হলে মজুরিও বাড়বে, দারিদ্র্যও কমবে। তবে আগামী ১০ বছরে সস্তা মজুরিকে ভিত্তি করেই বাংলাদেশের তৈরি পোশাক খাত প্রতিযোগিসক্ষম থাকবে। প্রথম আলো: যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা (বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা) চুক্তি স্বাক্ষর করা নিয়ে বাংলাদেশ দ্বিধায় রয়েছে। এই চুক্তি করলে বাংলাদেশ কতটা লাভবান হবে? জায়েদী সাত্তার: বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়নে এই টিকফা একটা কাঠামো। এই কাঠামোর আওতায় দুই দেশের মধ্যকার অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে সবকিছু আলোচনা হবে। এখন মনে হচ্ছে, শ্রমবিষয়ক ইস্যুগুলোতে সমঝোতা হচ্ছে না। কিন্তু বাংলাদেশের পক্ষে তো শ্রমিকের মান ও অধিকারের বিষয়টি উপক্ষো করা মুশকিল। প্রথম আলো: পদ্মা সেতু নির্মাণের ভবিষ্যৎ কোথায়?জায়েদী সাত্তার: পদ্মা সেতু নির্মাণের ফলে যে সম্ভাবনা তৈরি হতো, তা অর্জন করতে পারিনি। পদ্মা সেতু একটি উত্তম প্রকল্প। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এটি বিশাল প্রভাব ফেলতে পারত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই প্রকল্পটি আটকে গেল। পদ্মা সেতু হলে বার্ষিক প্রবৃদ্ধি দেড় থেকে দুই শতাংশ বাড়ত। তাই আশা করি, এই প্রকল্প নিয়ে স্থবির অবস্থা হয়তো কেটে উঠবে। তবে কখন কেটে উঠবে, সেটাও দেখার বিষয়। আসলে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো দাতাদের ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাবের অনুমোদন মানেই হলো বাংলাদেশের অর্থনীতির সেই ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে। এই সামর্থ্যের বিষয়টি পুঁজি করে অন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারছি না। পদ্মা সেতু নির্মাণে স্থবিরতার কারণে বিদেশি বিনিয়োগকারীরাও হতাশ হবেন। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]