যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগ রপ্তানিতে জিএসপি সুবিধার মেয়াদ বৃদ্ধি
বাংলাদেশে প্রস্তুতকৃত ‘স্লিপিং ব্যাগ’ যুক্তরাষ্ট্রে রপ্তানিতে সে দেশের দেওয়া অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বা জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সের (জিএসপি) মেয়াদ ২০১৩ সালের ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আগামী দুই বছরও প্রায় বিনা শুল্কেই রপ্তানি করা যাবে বাংলাদেশি স্লিপিং ব্যাগ।যুক্তরাষ্ট্রের সিনেটে গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশি এ পণ্যের জিএসপি নবায়নের বিষয়টি অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের সিনেটর জেফ সেশন জিএসপি নবায়নের এই বিলটি সিনেটে উত্থাপন করেন। পরে ৭০-২৭ ভোটে তা পাস হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশের এ পণ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া জিএসপি সুবিধার মেয়াদ শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান উভয় দলেরই অনেক সিনেটর এ পণ্যে জিএসপি নবায়নে বাংলাদেশের পক্ষ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের ‘এক্সেল আউটডোর’ নামের একটি মার্কিন কোম্পানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি স্লিপিং ব্যাগ রপ্তানিতে জিএসপি সুবিধার সময় বৃদ্ধির বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মার্কিন কোম্পানিটি ২০১০ সালের শুরুতে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভে (ইউএসটিআর) এক আবেদনে জানায়, বাংলাদেশি স্লিপিং ব্যাগ একটি টেক্সটাইল পণ্য। সুতরাং যুক্তরাষ্ট্রে এ পণ্যের রপ্তানিতে জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়া হোক।তবে ২০১০ সালের ১ জুলাই যুক্তরাষ্ট্র প্রশাসন এ সুবিধা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তখন বলা হয়েছিল, বাংলাদেশি স্লিপিং ব্যাগ পণ্যটি জিএসপি সুবিধা প্রাপ্য হবে এবং বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে। এরপর ইউএসটিআর বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা পুনর্বিবেচনা করার উদ্যোগ নেয়। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকেও তদবির চলতে থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (সিইপিজেড) স্লিপিং ব্যাগ কারখানার মালিকেরা এক্সেল ডোরের আবেদনটি নিয়ে পর্যালোচনা করেন।তারপর বাংলাদেশের পক্ষে যুক্তি তুলে ধরে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আবেদন করা হয় ২০১০ সালের ১৫ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ইউএসটিআর আয়োজিত গণশুনানিতে অংশ নেয় বাংলাদেশ। বিজিএমইএ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ৮৮টি কারখানায় স্লিপিং ব্যাগ তৈরি করা হয়। বিভিন্ন ক্যাম্পে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগ অত্যন্ত জনপ্রিয়। হংকং ও বাংলাদেশ যুক্তরাষ্ট্রে স্লিপিং ব্যাগের দুই উদীয়মান রপ্তানিকারক দেশ। ২০০৯ সালে সাত কোটি ৬১ লাখ ডলার অর্থাৎ ৫৩২ কোটি ৭০ লাখ টাকার স্লিপিং ব্যাগ আমদানি করে যুক্তরাষ্ট্র। যা এর আগের বছরে ছিল নয় কোটি ৫২ লাখ ডলার বা ৬৬৬ কোটি ৪০ লাখ টাকা।জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্লিপিং ব্যাগ বাজারের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন। আর বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি ক্রমবর্ধিষ্ণু রপ্তানি পণ্য। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করেছে ছয় লাখ ১১ হাজার ৯২৭ ডলার মূল্যের স্লিপিং ব্যাগ। আর ২০১০-১১ অর্থবছরে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ডলার।