যুক্তরাষ্ট্রের উপশহরগুলোয় দারিদ্র্যের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধপ্রবণতা ও দারিদ্র্যকে দূরে ঠেলে, ভালো শিক্ষাব্যবস্থা এবং নিরাপদ জীবনের আশায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ মূল শহর ছেড়ে উপশহরে বসবাস শুরু করেছে। কিন্তু দারিদ্র্য যেন শহর ছেড়ে যাওয়া এসব মানুষের পিছু ছাড়ছে না।সম্প্রতি ব্রুকিংস ইনস্টিটিউটের নতুন দুটি প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। ওই প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, গত দশকে যুক্তরাষ্ট্রের উপশহরে দরিদ্র মানুষের সংখ্যা ৩৭ দশমিক চার শতাংশ বেড়ে ১৩ দশমিক সাত মিলিয়নে দাঁড়িয়েছে। একই সময়ে আমেরিকার শহরগুলোয় দারিদ্র্যসীমার নিচে বসবাসরত মানুষের সংখ্যা ১২ দশমিক এক মিলিয়ন। যদিও দারিদ্র্যের হার শহরের অভ্যন্তরেই বেশি। কিন্তু বর্তমানে দারিদ্র্যের বিচারে মূল শহর ও উপশহরের মধ্যে পার্থক্য ক্রমশ কমে আসছে।একটা সময় ছিল যখন উপশহরগুলোয় সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো তেমন একটা দেখা যেত না। কিন্তু এখন উপশহরগুলোয় মানুষ বেকার বিমাসহ সরকারের নেওয়া বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে অধিকমাত্রায় অংশগ্রহণ করছে। প্রথমবারের মতো এসব কার্যক্রমে উপশহরে বসবাসকারী মানুষগুলো কঠিন শর্তে অংশগ্রহণ করছে। মাঝেমধ্যে এ শর্তগুলো সম্পদ বন্ধকের বিনিময়ে খাদ্য গ্রহণ করার মতো কঠিন ও অমানবিক হয়ে পড়ে। লং আইল্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা সম্প্রতি লং আইল্যান্ড নামের একটি উপশহরে বসবাসকারী মানুষের ওপর গবেষণা করতে গিয়ে এমন পিলে চমকানো তথ্য পেয়েছে। এ সংস্থাটি লং আইল্যান্ডের সানরাইজ মহাসড়কের কাছে একটি সেবাকেন্দ্র খুলেছে। এ সেবাকেন্দ্রের মাধ্যমে লং আইল্যান্ডে বসবাসকারী মানুষকে খাবার থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়। এখানে তাদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণও দেওয়া হয়। শুধু তা-ই নয়, এ সেবাকেন্দ্রে মানুষের পোষা কুকুর, বিড়ালের খাবারও পাওয়া যায়। এই সানরাইজ মহাসড়ক দিয়ে নিউইয়র্ক থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তাই লং আইল্যান্ড কেয়ারের স্থাপিত সেবাকেন্দ্রে ক্ষমতার অধিক মানুষের ভিড় পুরো ব্যাপারটিকেই সমস্যাসংকুল করে তুলেছে।উপশহরগুলোয় এমনিতেই বিভিন্ন ধরনের সামাজিক সুবিধা অনেক কম থাকে। যোগাযোগ ব্যবস্থা এখানে এতটাই অপ্রতুল যে অনেক সময় দেখা যায়, শহরের অধিবাসীরা বাজার করে মালপত্র নিয়ে অনেক কষ্টে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছায়। দৈনন্দিন বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে এসব উপশহরের মানুষের অবস্থার কোনো পরিবর্তন তো হচ্ছেই না; বরং এসব এলাকায় দরিদ্রের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।লং আইল্যান্ড কেয়ারের প্রতিবেদনে এ এলাকার মানুষের অর্থিক অবস্থার ভয়ানক চিত্র ফুটে উঠেছে। বেসরকারি সাহায্য সংস্থাগুলো এসব উপশহরে বসবাসকারী মানুষের কল্যাণে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় লোকবল ও অর্থাভাবে তাদের চেষ্টা সাফল্যের মুখ দেখছে না। তবে এসব মানুষের ভাগ্যোন্নয়নে স্থানীয় সরকার ও লুইসিয়ানা অঙ্গরাজ্যের সরকারের কোনো বলিষ্ঠ উদ্যোগই চোখে পড়ছে না।—দ্য ইকোনমিস্ট