যুক্তরাষ্ট্রের এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী বিল গেটস ও বাফেট

জাতি হিসেবে যুক্তরাষ্ট্র এগিয়ে যাবে বলে বেশ আশাবাদী সেই দেশ ও বিশ্বের দুই শীর্ষ ধনী বিল গেটস ও ওয়ারেন বাফেট। তাঁরা মনে করেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও যুক্তরাষ্ট্রে যেভাবে কার্যক্রম চলছে, তাতে নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে দেশটি এগোবে।
বারাক ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বে মার্কিনদের অবস্থান আরও জোরদার করার নামে একের পর এক নির্বাহী আদেশ জারি করে তাঁর সমালোচকদের মধ্যে উদ্বেগ-উত্তেজনা ছড়াচ্ছেন, তখন বিল গেটস ও বাফেট এমন অভিমত দিলেন। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নিজেদের আশাবাদের কথা শোনালেন। অনুষ্ঠানটিতে ১ হাজার ৩০০ লোক অংশ নেন।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর গত বছর প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ৭ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন। তিনি টানা তৃতীয়বারসহ মোট ১৭ বার এ তালিকার প্রথম স্থানটি পান। আর বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ারেন বাফেট ৬ হাজার ৮ কোটি ডলার নিয়ে আছেন তালিকার তৃতীয় স্থানে।
এদিকে ফোর্বস ম্যাগাজিন গত শুক্রবার জানিয়েছে, বিল গেটসের মোট সম্পদের মূল্য বেড়ে বর্তমানে ৮ হাজার ৫২০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে বাফেটের সম্পদের মূল্যও বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৩৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে বাফেট বলেন, ‘আমেরিকার সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে আমি আস্থাশীল।’
অন্যদিকে বিল গেটস বলেন, দ্বিদলীয় রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও উদ্ভাবনের আকাঙ্ক্ষা ও গবেষণায় সহায়তার জন্য ‘জোরালো’ সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘এই প্রশাসন একেবারেই নতুন। আমরা এখনো জানি না, এই সরকার বাজেটে কোন কোন খাতকে অগ্রাধিকার দেবে। তবে বিষয়গুলো নিশ্চিত করতে সরকারের নির্বাহী বিভাগ যেমন একাগ্র, তেমনি কংগ্রেসও ‘অসাধারণ কার্যক্রম’ (অ্যামাজিং থিংস) উৎসাহিত করছে।’
বিল গেটস ও ওয়ারেন বাফেটের মধ্যে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্কের বন্ধন খুবই জোরদার। যেমন, গেটস হলেন ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের পরিচালক। আর বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসের নামে গড়ে তোলা দাতব্য প্রতিষ্ঠান বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে প্রচুর পরিমাণ অর্থ দান করে আসছেন বাফেট।
বিশ্ব ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ ধনী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্বল্প মেয়াদে সুবিধা লাভের চেয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ ও ভালো কাজে জোর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।