স্থগিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ১৬ শর্তের কতটা পূরণ হলো—তা যাচাই করতে আগামী মাসে সেই দেশের একটি দল ঢাকায় আসছে। একই বিষয়ে বাংলাদেশ থেকে তিন সচিবের সমন্বয়ে গঠিত একটি দলও যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।
তবে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশের কারখানাগুলোতে কর্মপরিবেশের আরও অগ্রগতি অর্জন করতে হবে। গাজীপুরে ১২ আগস্ট কয়েকটি কারখানা পরিদর্শন শেষেও একই মন্তব্য করেছিলেন বার্নিকাট।
গতকালের বৈঠকে ঢাকার কানাডিয়ান হাইকমিশনার বেনোয়িট পিয়েরে লারামি, ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানি ফুল এস্কজায়ের, যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ডিএফআইডির প্রধান সারাহ কুকি, নেদারল্যাল্ডস দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মার্টিন ভ্যান হুগসট্রেটেন এবং বাংলাদেশ সরকারের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শ্রমসচিব মিকাইল শিপার, পররাষ্ট্রসচিব শহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা জিএসপির আওতায় ছিলাম। রানা প্লাজা ট্র্যাজেডির পর তা স্থগিত হয়েছে, বাতিল হয়নি। এরপর যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া শর্তের সবগুলোই পূরণ হয়েছে। সুতরাং এটি ফিরে না পাওয়ার কোনো কারণ নেই। আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) যে দলটি আসবে, প্রকৃত চিত্র তারা ঠিকই বুঝতে পারবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শুধু আমরা নই, সাধারণ মানুষ বলছেন, গবেষকেরাও বলছেন যে আমাদের জিএসপির মধ্যে থাকা উচিত। অধ্যাপক রেহমান সোবহানসহ সবারই ধারণা, বাংলাদেশকে জিএসপি থেকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ কী কারণে এখনো জিএসপির বাইরে, যুক্তরাষ্ট্রই তা ভালো বলতে পারবে।’
রাজনৈতিক কারণে বাংলাদেশকে জিএসপি দেওয়া হচ্ছে না বলে সম্প্রতি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজকের (মঙ্গলবার) বৈঠকেও মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে আমরা একসঙ্গে চলছি। একটা সমস্যা ছিল ১৯৭১-এ। ওই সময় তোমাদের যে ভূমিকা ছিল, মানুষ যাতে আবার এটা মনে না করে যে ওই কারণেই জিএসপি স্থগিত করা হয়েছে।’
শ্রম আইন বাস্তবায়নে শ্রমবিধি প্রণয়নের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) শেষে আগামী দু-এক সপ্তাহের মধ্যেই এর গেজেট হবে।
তোফায়েল আহমেদ আরও বলেন, জিএসপি যে বিরাট কিছু, তা কিন্তু নয়। এটা শুধু একটা ভাবমূর্তির বিষয়। আর তৈরি পোশাকে জিএসপি পায়নি কেউ।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএসটিআরের দল আগে ঢাকায় আসবে, না ঢাকার দল ইউএসটিআরে যাবে, তা এখনো ঠিক হয়নি। তবে চলতি সপ্তাহেই বিষয়টি নির্ধারিত হবে।