যুক্তরাষ্ট্রের দেওয়া কর্মপরিকল্পনার তিনটি শর্ত পূরণ এখনো বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কারখানা
পোশাক কারখানা

বাংলাদেশি পণ্য রপ্তানিতে অগ্রাধিকার বাণিজ্য-সুবিধা (জিএসপি) বাতিলের পর যুক্তরাষ্ট্র যে ১৬ শর্তের কর্মপরিকল্পনা দিয়েছিল, তা থেকে তিনটি শর্ত পূরণ এখনো বাকি রয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এগুলো হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ২০০ পরিদর্শক নিয়োগ, পোশাক কারখানার তথ্যভান্ডার তৈরি এবং শ্রমিক অধিকারের ক্ষেত্রে শ্রম আইনের সঙ্গে সমন্বয় করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) আইন প্রণয়ন করা। বাণিজ্যমন্ত্রী জানান, প্রথম দুটি বাস্তবায়ন করা হবে চলতি মাসেই। তবে, ইপিজেড আইনের বিষয়ে একটু সময় লাগবে।
সচিবালয়ে গতকাল বুধবার পোশাক খাতের উন্নয়নবিষয়ক ‘থ্রি প্লাস ফাইভ’ কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। থ্রি প্লাস ফাইভ মানে ঢাকায় নিযুক্ত পাঁচ রাষ্ট্রদূত ও বাংলাদেশের বাণিজ্য, পররাষ্ট্র ও শ্রম—এই তিন সচিবের সমন্বয়ে গঠিত একটি কমিটি।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বাণিজ্যসচিব মাহবুব আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ কমিটির বৈঠক। এতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, নেদারল্যান্ডসের গারবেন ডি জং, ইউরোপীয় ইউনিয়নের (ইউ) উইলিয়াম হানা, কানাডার হিদার ক্রুডেন, স্পেনের লুইস তেজেদা, পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক, অতিরিক্ত শ্রমসচিব ফয়জুর রহমান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ প্রতিনিধি শ্রীনিভাস রেড্ডি প্রমুখ উপস্থিত ছিলেন।
মূল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত মজীনা। নিজেদের দেওয়া কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ
প্রকাশ করে তিনি বলেন, জিএসপি ফিরে পাওয়ার জন্য এখনো বাংলাদেশের কিছুটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এরমধ্যে শ্রম আইনের সঙ্গে সমন্বয় করে এখনো ইপিজেড আইন প্রণীত না হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
ইপিজেড আইন বিষয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই আইন যখন করা হয়েছিল, তখন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়টি রাখা হয়নি। পরে অবশ্য শ্রমিক কল্যাণ সমিতি করা হয়েছে।
ইপিজেডে ট্রেড ইউনিয়ন করতে আইন সংশোধন করতে হবে, যা সময়সাপেক্ষ—এ কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, আইন সংশোধনে সময় লাগার বিষয়টিতে যুক্তরাষ্ট্রও একমত।
আগামী ১৫ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বেশির ভাগ শর্তই তো পূরণ হয়েছে। ধারাবাহিকভাবে সবই হবে। আর জিএসপির আওতায় খুব যে বেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, তা নয়। তার পরও জিএসপি ফিরে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’
পোশাক কারখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কারখানা ভবন ও অগ্নিনিরাপত্তা, শ্রমিক অধিকার ইত্যাদি বিষয়ে বৈঠকে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বলে জানান মজীনা।