যুক্তরাষ্ট্রের ধনকুবেরদের দানশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ৪০ জন ধনকুবের তাঁদের মোট সম্পদের একটা বড় অংশ বিভিন্ন কল্যাণকর খাতে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য তাঁরা একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। এ চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের মালিক বিল গেটস ও যুক্তরাষ্ট্রের ‘বিনিয়োগ গুরু’ নামে পরিচিত ওয়ারেন বাফেটের মতো ধনকুবের থেকে শুরু করে সিএনএনের স্বত্বাধিকারী টেড টার্নার, ওরাকলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং নিউইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গরা তাঁদের অর্জিত সম্পদের কমপক্ষে ৫০ শতাংশ বিভিন্ন কল্যাণকর ও দাতব্য খাতে ব্যয় করার ব্যাপারে একমত হয়েছেন। বিল গেটস ও ওয়ারেন বাফেট যৌথভাবে এ কর্মসূচিটির উদ্যোক্তা। তাঁরা দুজনেই মনে করেন, এ উদ্যোগের ফলে অতিরিক্ত ৬০ হাজার কোটি ডলার সমপরিমাণ সম্পদ কল্যাণ খাতে ব্যয় করা সম্ভব হবে। ওয়ারেন বাফেট জানিয়েছেন, তিনি, বিল গেটস, গেটসেন স্ত্রী ও অন্যরা মিলে এ উদ্যোগে শামিল হওয়ার জন্য প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০টি ফোন কল করছেন। তিনি বলেন, অনেক সম্পদশালীই এ উদ্যোগে শামিল হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আবার অনেকেই ব্যাপারটি নিয়ে আগ্রহী নন। তবে সব মিলিয়ে এতে আগ্রহের পরিমাণটাই বেশি বলে মনে করেন ওয়ারেন বাফেট।বাফেট জানিয়েছেন, তাঁদের এ উদ্যোগে শামিল হওয়ার জন্য তাঁরা চীন ও ভারতের ধনকুবেরদের সঙ্গেও যোগাযোগ করবেন। তবে ব্যাপারটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই বলে তিনি জানান। উল্লেখ্য, ওয়ারেন বাফেট ২০০৬ সালেই তাঁর মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল ৪০০ কোটি কোটি ডলার। বিল গেটস ও তাঁর স্ত্রী মালিন্দাও মাইক্রোসফটের তিন হাজার ৩০০ কোটি ডলারের মোট সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান উদ্যোগের মধ্য দিয়ে সেটি প্রাতিষ্ঠানিক ভিত্তি পেতে যাচ্ছে।