তৈরি পোশাক রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেন মাথা তুলে দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। গত বছরের টানা ১১ মাসের ধারাবাহিকতায় চলতি ২০১৫ সালের প্রথম মাস জানুয়ারিতেও রপ্তানি কমেছে।
আলোচ্য মাসে যুক্তরাষ্ট্রে ৪৪ কোটি ৭০ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে; যা গত বছরের একই সময়ের ৪৮ কোটি ডলারের চেয়ে ৭ দশমিক ১৬ শতাংশ কম। গত এক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় পতনের হার। আর পরিমাণের দিক থেকে এই জানুয়ারিতে ১৫ কোটি ২১ লাখ বর্গমিটারের সমপরিমাণ পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ; যা গত বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কম।
২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি সর্বনিম্ন শূন্য দশমিক ২০ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ কমেছে। আর এই বাজারে সর্বশেষ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল গত বছরের জানুয়ারিতে—৩ দশমিক ৮২ শতাংশ।
গত বছর দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৪৮৩ কোটি ডলারের পোশাক। এই আয় আগের ২০১৩ সালের ৪৯৪ কোটি ডলারের চেয়ে ২ দশমিক ২৯ শতাংশ কম।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গত ৪ ফেব্রুয়ারি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
এতে দেখা যায়, বিশ্বের মোট ১০৪টি দেশ থেকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ৬৫২ কোটি ডলারের পোশাক আমদানি করেছে; যা গত বছরের একই সময়ের ৬৮৪ কোটি ডলারের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রে আলোচ্য সময়ে চীন থেকে ২৩৫, ভিয়েতনাম থেকে ৭৯, বাংলাদেশ থেকে ৪৪ দশমিক ৭০, ইন্দোনেশিয়া থেকে ৪১, ভারত থেকে ৩০ ও মেক্সিকো থেকে ২৬ কোটি ডলারের পোশাক পণ্য আমদানি করে। এই হিসাব বিবেচনা করলে দেশটিতে পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছে। তবে জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হলেও প্রতিযোগী ভিয়েতনাম ও ভারত যথাক্রমে ১ দশমিক ৩৪ ও ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
২০১৩ সালে রানা প্লাজা ধস এবং পরবর্তী রাজনৈতিক অস্থিরতাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার বড় কারণ। এমন তথ্য দিয়ে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বলেছিলেন, সাভারে ভবনধসের পর যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতাপ্রতিষ্ঠান শেয়ারড্ বিল্ডিংয়ে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে কারখানা পরিদর্শন ও ডিসেম্বরে আয়োজিত অ্যাপারেল সামিটের সময় যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্রেতা বাংলাদেশের কারখানা সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা বলেন, বাংলাদেশ আবার ব্যবসায় ফিরে আসছে। তবে রাজনৈতিক অস্থিরতা আবার পেছনের দিকে নিয়ে যেতে পারে বলেও সে সময়ই শঙ্কা প্রকাশ করেন বিজিএমইএর নেতারা।
বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি বায়ারস ফোরামের বৈঠকে ক্রেতা প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন, তাঁরা বাংলাদেশের কারখানাগুলোতে পোশাক তৈরির কাজ বাড়িয়ে দিতে চান। সে জন্য পরিকল্পনা করে ক্রেতাপ্রতিষ্ঠানগুলো নিজেদের অফিস বড় করেছে। তাঁদের ভাষা হচ্ছে, আমরা তোমাদের কাজ বেশি দিতে চাইছি। তবে তোমরা নিতে পারছ না।’
শহিদউল্লাহ আজিম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, ‘বিভিন্ন দেশ থেকেই যুক্তরাষ্ট্র পোশাক আমদানি কমিয়েছে। এতে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি একটু বেশি নেতিবাচক হয়েছে। তবে আমরা কারখানা পরিদর্শন, শ্রম আইন সংস্কার, পরিদর্শক নিয়োগসহ বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, যা দেশটির সরকার থেকে চাপ দেওয়া হচ্ছিল। এতে আমাদের কাছে ভালো ব্যবসা আসার কথা ছিল। আমরাও প্রস্তুত ছিলাম।’