যুক্তরাষ্ট্রের বাজারে পূর্ণ শুল্কমুক্ত সুবিধা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা দাবি করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। এ জন্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (বিআইবিএফ) বার্ষিক সাধারণ সভায় গতকাল শনিবার ব্যবসায়ীরা এ কথা বলেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী। এ ছাড়া আইবিএফবির নেতারা উপস্থিত ছিলেন।মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, বাংলাদেশ হলো অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশ হলো এশিয়ার পরবর্তী বাঘ, পরবর্তী চীন। কিছু লোক এই দেশকে গরিব বলে, কিন্তু এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর এক দেশ। জ্বালানি খাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে।মজীনা আরও বলেন, বিশ্ব অর্থনীতির গতিপথ পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশ এই সুযোগ নিতে পারে। চীনের তৈরি পোশাক ব্যবসায়ীরা এখন বাংলাদেশে তাঁদের কারখানা স্থানান্তর করতে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ পরিণত হচ্ছে তৈরি পোশাকশিল্পের অবধারিত গন্তব্যে।মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বেসরকারি খাতের ওপর নির্ভর করছে বাংলাদেশের মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতে সফল কিংবা ব্যর্থ হওয়ার বিষয়টি। তাঁর মতে, রাজনৈতিক বাধা ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে। আর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সমুন্নত করা সম্ভব।মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘দয়া করে, যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার ব্যাপারে সুপারিশ করুন। এ ধরনের সুবিধা এখন বাংলাদেশ ইউরোপের বাজার পাচ্ছে। এই সুবিধা দিলে যুক্তরাষ্ট্রের বাজারের কোনো ক্ষতি হবে না।’এ কে আজাদ আরও বলেন, প্রতিবছর ২০ লাখ লোক কর্মবাজারে প্রবেশ করছেন। এসব তরুণ-তরুণীকে চাকরি দেওয়ার সুযোগ সরকারের কম। বেসরকারি উদ্যোক্তারাই তাঁদের চাকরি দিচ্ছেন। তিনি জানান, চলতি অর্থবছরে রপ্তানি আয় দুই হাজার ৬০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। আর গত বছর যুক্তরাষ্ট্রে মোট ৪০০ কোটি ডলার রপ্তানি হয়েছে, যা জার্মানিতে রপ্তানির প্রায় সমপরিমাণ।আফতাব উল ইসলাম বলেন, দেশের রপ্তানি আয়ের ৯৯ শতাংশই আসে বেসরকারি খাত থেকে। আর ৭৫ শতাংশ কর্মসংস্থান করেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। তিনিও যুক্তরাষ্ট্রে শতভাগ শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার জন্য আহ্বান জানান। এ ছাড়া মেধাস্বত্ব আইনের আওতায় তথ্যপ্রযুক্তি খাতের ওপর অধিকার জোরদার করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে। ভারত ও ব্রাজিল ইতিমধ্যে তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছে।আইবিএফবির সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করতে দ্রুত গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের দিকে বেশি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, তৈরি পোশাক ছাড়াও ওষুধ, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল, সিরামিক, প্লাস্টিকসহ বিভিন্ন খাতে সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় সব পণ্যকেই উচ্চ হারে আমদানি শুল্ক দিয়ে প্রবেশ করতে হয়। বাংলাদেশি পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করতে গড়ে ১৫ শতাংশ হারে শুল্কারোপের মুখে পড়ে। কম্বোডিয়ার পণ্যের ক্ষেত্রে দিতে হয় ১৭ শতাংশ। অথচ একই সময়ে ফ্রান্স ও যুক্তরাজ্য এক শতাংশের কম হারে শুল্ক দেয়।