রাজধানীর সোনারগাঁও হোটেলে মার্কিন পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা চাইলেন বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আবারও শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ কোনো শুল্কসুবিধা পাচ্ছে না। অথচ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে আমাদের সে সুযোগ পাওয়ার কথা। জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নত দেশ আমাদের এ সুবিধা দিলেও যুক্তরাষ্ট্র তা দিচ্ছে না।’ যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
ইউএস ট্রেড শো-২০১৪ উদ্বোধন করতে এসে গতকাল সোমবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ মেলার আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এবার ২৩তম বারের মতো দেশে যুক্তরাষ্ট্রের পণ্যের এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘টিকফা চুক্তি করা হলেও আমাদের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাচ্ছে না। আমরা যদি যুক্তরাষ্ট্রের বাজারে যেতেই না পারি, তাহলে টিকফা চুক্তি অর্থহীন হয়ে পড়বে।’ মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে জিএসপি সুবিধা ফেরত পাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা অবশ্য জিএসপি সুবিধা কিংবা টিকফা নিয়ে কোনো কথা বলেননি। গত সপ্তাহে এক অনুষ্ঠানে এই কূটনীতিক বলেছিলেন, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করতে বাংলাদেশকে কোনো শুল্ক দিতে হয় না। এর জবাবে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতের ওই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে অভিহিত করেছিলেন। বাণিজ্যমন্ত্রী ও রাষ্ট্রদূতের গত সপ্তাহের বাগ্যুদ্ধের পর গতকালই প্রথম তাঁদের দেখা হয়।
অনুষ্ঠানে মজীনা বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরিতে সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। আইনের শাসন, দুর্নীতি কমানো, লাল ফিতার দৌরাত্ম্য এবং রাজনৈতিক অস্থিরতার হুমকি কমাতে পারলে তা বিনিয়োগ-সহায়ক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।’ তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নত করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম ও নির্বাহী পরিচালক এ গফুর বক্তব্য দেন।
প্রদর্শনী: উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রদর্শনী ঘুরে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় বাণিজ্যিক ব্যাংক ও একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ও প্রদর্শনীতে অংশ নিয়েছে। নির্মাণসামগ্রী ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার, প্রসাধনসামগ্রী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন, জর্ডানা, কোমল পানীয় প্রতিষ্ঠান পেপসিসহ বিভিন্ন স্টল রয়েছে প্রদর্শনীতে।
প্রদর্শনীর প্রবেশমুখেই চোখে পড়বে বিখ্যাত মার্কিন মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের স্টল। সেখানে একটি চকচকে ফোর্ড গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। আগ্রহী অনেকেই গাড়িটির দাম ও সুবিধা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। এমনই একজন ব্যবসায়ী শাহেদ আহমেদ। তিনি জানালেন, ‘ফোর্ডের একটি গাড়ি কেনার শখ আমার অনেক দিনের। তাই খবর পেয়ে চলে এসেছি।’
মার্কিন বিভিন্ন প্রসাধনী প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এমনই একটি প্রতিষ্ঠান ইমেজ স্কিনকেয়ার। বাংলাদেশে প্রতিষ্ঠানটির পণ্য বাজারজাত করে মেন্ডকেয়ার নামের একটি প্রতিষ্ঠান। স্টলটির ব্যবস্থাপক জানালেন, ত্বক ভালো রাখতে প্রয়োজনীয় সব সামগ্রীই এখানে কিনতে পারবেন আগ্রহীরা। প্রদর্শনীর জন্য বিশেষ মূল্যছাড়ের কথাও জানালেন তিনি।
ইউএম ব্র্যান্ডের মোটরসাইকেলের একটি স্টলও চোখে পড়ে প্রদর্শনীতে। বাংলাদেশে এই মোটরসাইকেল বাজারজাত করে ব্রোঞ্জ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। স্টলটির দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানালেন, এক লাখ ২০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ৮০ হাজার টাকায় তাঁদের মোটরসাইকেল কেনা যাবে।
মেলায় আসা কয়েকজন জানান, বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশের সুযোগ থাকলে ভালো হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। শেষ হবে কাল বুধবার।