
তৈরি পোশাক রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ নিম্নমুখী প্রবৃদ্ধি থেকে বের হতে পারছে না। গত বছরের ফেব্রুয়ারি থেকে টানা ১০ মাস বাজারটিতে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেছে।
আলোচ্য বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৪৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়; যা বাংলাদেশের প্রায় ৩৬ হাজার কোটি টাকার সমান। এই আয় তার আগের বছরের একই সময়ের ৪৬৫ কোটি ডলারের চেয়ে সাড়ে ৩ শতাংশ কম। ১০ মাস শেষে যা ছিল আড়াই শতাংশ কম।
তবে বাংলাদেশের রপ্তানি কমলেও বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি ঠিকই বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি বিচারে বাংলাদেশের প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, ভারত ও মেক্সিকো এগিয়ে গেছে।
রপ্তানি প্রবৃদ্ধি কমলেও বাংলাদেশ অবশ্য যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার হিস্যায় এখনো চতুর্থ স্থানে রয়েছে। যদিও শতাংশের হিসাবে তা কমে হয়েছে ৫ দশমিক ৮৬; গত বছর যা ছিল ৬ দশমিক ২০ শতাংশ। আর প্রথম তিনটি স্থানে থাকা তিন দেশের বাজার হিস্যা হলো চীন ৩৬ দশমিক ৫৬, ভিয়েতনাম ১১ দশমিক ২৯ ও ইন্দোনেশিয়া ৫ দশমিক ৯১ শতাংশ।
আলোচ্য সময়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মোট ৭ হাজার ৫৮৫ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র; যা আগের বছরের একই সময়ের ৭ হাজার ৪০০ কোটি ডলারের চেয়ে আড়াই শতাংশ বেশি। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলে (অটেক্সা) ৫ জানুয়ারি প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে।
গত বছরের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ৪৪৮ কোটি ৯৩ লাখ ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে। তার আগের বছর একই সময়ে এই পরিমাণ ছিল ১৫৯ কোটি বর্গমিটার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক, ৬ দশমিক ৪৭ শতাংশ; যা ১০ মাস শেষে ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। ২০১৩ সালে রপ্তানি হয় ৪৪৯ কোটি ডলার। তখন প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬৮ শতাংশ।
গত ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের মোট ২ হাজার ৪৪৯ কোটি ডলারের মধ্যে যুক্তরাষ্ট্রে যায় ৪৯৪ কোটি ৭৫ লাখ ডলার। এই আয় তার আগের বছরের ৪৬৪ কোটি ডলারের চেয়ে ১০ দশমিক ৬৮ শতাংশ বেশি ছিল। একক দেশ হিসেবে এই বাজারেই সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে বাংলাদেশ।
২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধস এবং পরবর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হ্রাসের বড় কারণ। এ প্রসঙ্গে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বলছেন, রানা প্লাজা ধসের পর কোনো ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতাপ্রতিষ্ঠান শেয়ারড বিল্ডিংয়ে (একই ভবনে নানা রকম প্রতিষ্ঠান থাকা) কাজ দেওয়া বন্ধ করে দেয়। তবে শেষ পর্যন্ত অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অনেকেই এখন ক্রয়াদেশ দিচ্ছে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম গত রাতে বলেন, ‘গত ডিসেম্বরে আয়োজিত অ্যাপারেল সামিটের সময় যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্রেতা বাংলাদেশ ঘুরে গেছেন। তাঁরা কারখানা সরেজমিনে পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফলে একটু দেরিতে হলেও আমরা ঘাটতি পুষিয়ে উঠতে পারব। তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা আমাদের আবার চিন্তায় ফেলে দিয়েছে। এটি দীর্ঘস্থায়ী হলে বিপদ বাড়বে।’
অটেক্সার হিসাব অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ২ হাজার ৭৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে চীন। অন্য দেশগুলোর মধ্যে ভিয়েতনাম ৮৫৯ কোটি ডলার, ইন্দোনেশিয়া ৪৫১ কোটি ডলার, মেক্সিকো ৩৪৪ কোটি ডলার ও ভারত ৩১৬ কোটি ডলারের পোশাকপণ্য রপ্তানি করেছে।