রাজধানীতে ইউএস ট্রেড শো শুরু, চলবে তিন দিন
যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন চান বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) দিতে দেশটির মনোভাবের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার তিন দিনব্যাপী ‘২৪তম ইউএস ট্রেড শো’ শীর্ষক মার্কিন পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলাম।
তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি পাওয়ার সব শর্তই বাংলাদেশ পূরণ করেছে। আমরা আশা করি এ সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের মনোভাবের পরিবর্তন হবে। কারণ দুই দেশ টিকফা চুক্তিতে স্বাক্ষর করেছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা না করি, তাহলে টিকফা চুক্তি সম্পূর্ণ অর্থহীন। এ ব্যাপারে আমি মার্কিন রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করছি।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে ৩৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ বছর শেষে দুই দেশের বাণিজ্য ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। জিএসপি ছাড়াই গত এক বছরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বাংলাদেশ ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে গত এক বছরে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধির চেয়ে বেশি।’ তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘যেভাবে আমরা আপনাদের দেশে বিনিয়োগ করেছি, সেভাবে আপনারাও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করুন।’ চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউএস ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি দলকে নিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
তিন দিনের এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্রছাত্রীরা বিনা মূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে। ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে র্যাফল ড্রর আয়োজনও রাখা হয়েছে এবারের প্রদর্শনীতে। এতে প্রথম পুরস্কার থাকছে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমানের টিকিট, দ্বিতীয় পুরস্কার থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট। বোয়িং, পেপসি, কোকা-কোলা, ফোর্ড, ডেল, শেভরন, এইচপি, এমজেএলসহ মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের স্টল আছে প্রদর্শনীতে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এশিয়া প্যাসিফিক কাউন্সিল অব আমেরিকা চেম্বারসের সভাপতি জ্যাকসন কক্স।