যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলে বাংলাদেশের রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে। একইভাবে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের পর সেখানে পণ্যের চাহিদা কমে গেলেও বাংলাদেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।
এই আশঙ্কা করা হয়েছে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) বাংলাদেশ ট্রেড রিপোর্ট বা বাণিজ্য প্রতিবেদনে। গতকাল বুধবার সংস্থাটির ওয়ার্ল্ড ট্রেড ফোরকাস্ট বা বৈশ্বিক বাণিজ্য পূর্বাভাসের অংশ হিসেবে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তারা অক্সফোর্ড ইকোনমিকস নামের একটি সংস্থার সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে।
প্রতিবেদনে এইচএসবিসি বলছে, বিশাল জনসংখ্যা ও সস্তা শ্রমের কারণে বাংলাদেশ ভবিষ্যতে পোশাক রপ্তানিতে তার অবস্থান ধরে রাখতে পারবে। আগামী বছরগুলোতেও পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয় বৃদ্ধিতে বড় অবদান রাখবে।
প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়েও মূল্যায়ন তুলে ধরেছে এইচএসবিসি। সংস্থাটি বলেছে, ‘বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ বিস্ময়করভাবে স্থিতিশীল ছিল। আমরা মনে করি, আগামী বছরগুলোতে বেসরকারি খাত, ভোগ ব্যয়, রপ্তানি ও বিনিয়োগের ওপর ভর করে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘরেই থাকবে।’
বিশ্ব বাণিজ্য নিয়ে মূল প্রতিবেদনে এইচএসবিসি বলেছে, বিভিন্ন দেশের সরকার বাণিজ্যে নতুন বাধা তৈরি না করলে চলতি বছর থেকে বিশ্ব বাণিজ্যের মন্দা কাটিয়ে উঠতে শুরু করবে। ২০১৭ সালে বিশ্বে মোট পণ্য রপ্তানিতে ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এরপর ২০৩০ সাল পর্যন্ত তা ৬ শতাংশ হারে বাড়বে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বাণিজ্যে শুল্ক ও অশুল্ক বাধা তৈরি হলে ২০৩০ সাল নাগাদ পণ্য ও সেবার বাণিজ্য ৩ শতাংশ কমে ৪৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। নইলে তা ৫০ ট্রিলিয়ন ডলার হতো বলে প্রাক্কলন এইচএসবিসির।
যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক ও ব্রেক্সিটের প্রভাব বাংলাদেশের ওপর কী হতে পারে, তার একটি বিকল্প পূর্বাভাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। বলেছে, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ২০৩০ সালে সেখানে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় যা হওয়ার সম্ভাবনা ছিল, তার চেয়ে ৩৮০ কোটি ডলার বা ২৮ দশমিক ৬ শতাংশ কম হতে পারে। এটা বাংলাদেশি রপ্তানিকারকদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে নজর ফেলতে বাধ্য করবে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, চীন ও জাপানে বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন সেখানে পণ্য আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ নিয়ে আলোচনা করছে। অন্যদিকে যুক্তরাজ্যের জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ায় দেশটি ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে।
এইচএসবিসির প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারের মধ্যে পাঁচ নম্বরে উঠে আসবে ভারত। ২০১৫ সালে এই অবস্থানে ছিল কানাডা। তা ছাড়া এখনকার শীর্ষ চার দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত থাকবে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পণ্য রপ্তানি বেশি হারে বাড়বে সংযুক্ত আরব-আমিরাত, ভারত, মালয়েশিয়া, তুরস্ক, কানাডা, আয়ারল্যান্ড, পোল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া ও জার্মানিতে। ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত রপ্তানি আয়ে বেশি প্রবৃদ্ধি হবে চীন, ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কানাডা, কোরিয়া, আয়ারল্যান্ড ও হংকংয়ে।
এইচএসবিসি মনে করে, ভিয়েতনামের মতো কম খরচে পণ্য উৎপাদনে সক্ষম দেশগুলো পোশাকের বাজারের ভাগ নিতে চাইছে। তাই বাংলাদেশকে পোশাকের বাইরে অন্য পণ্য রপ্তানি বাড়াতে নজর দিতে হবে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে বাড়ানো যেতে পারে সেবা রপ্তানি। বর্তমানে মোট রপ্তানি আয়ের মাত্র ১০ শতাংশের সমান সেবা রপ্তানি। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের সংস্থা আঙ্কটাড তথ্যপ্রযুক্তি ও পর্যটনকে ভবিষ্যতে সেবা রপ্তানিতে একটি সম্ভাবনাময় খাত হিসেবে গণ্য করছে বলে উল্লেখ করা হয় এইচএসবিসির প্রতিবেদনে।
এইচএসবিসি পূর্বাভাস দিয়েছে, ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি বছরে গড়ে ৯ শতাংশ হারে বাড়বে। বস্ত্র ও আসবাব খাতের প্রবৃদ্ধি হবে বছরে গড়ে ১২ শতাংশ হারে। তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানিও ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে গড়ে ১২ শতাংশ হারে বাড়বে বলে মনে করে এইচএসবিসি।
ভবিষ্যতে বাংলাদেশ কোন দেশ থেকে বেশি পণ্য আমদানি করবে, তা-ও উল্লেখ করেছে এইচএসবিসি। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩০ সালে বাংলাদেশে আমদানির ক্ষেত্রে শীর্ষ পাঁচে উঠে আসবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। অন্যদিকে চীন, ভারত ও সিঙ্গাপুর এখনকার মতো শীর্ষ তিনে থাকবে।