যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্যই টিআইসিএফ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনার ক্ষেত্র তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিআইসিএফ) করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।বাণিজ্যমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো নানা বিষয়ে আলোচনা হয়। কিন্তু অনেক সময়ই তা কাঠামোগতভাবে সংহতিপূর্ণ হয় না। তাই আলোচনার একটি ভালো ক্ষেত্র তৈরির জন্য টিআইসিএফ করা হচ্ছে।সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডান ডি মজেনা ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি আলিসা আয়ার্সের সঙ্গে গতকাল রোববার এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।টিআইসিএফ নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আসলে এটি করার উদ্দেশ্য হচ্ছে, প্রতি বছরে যাতে আমরা পারস্পরিক উন্নয়নের ব্যাপারে অন্তত একবার বসতে পারি।’ফারুক খান আরও বলেন, ‘টিআইসিএফের ব্যাপারে অনেক দূর অগ্রসর হওয়া গেছে। আমাদের প্রস্তাব প্রায় মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু একটা জায়গায় আটকে আছে বিষয়টি। আর তা হলো শ্রমমান। আমরা বলেছি, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিধিবিধান মেনে চলে এবং আইন-কানুনের বাইরেও আমরা যাব না।’যুক্তরাষ্ট্রের মতো বড় ও ক্ষমতাধর দেশের সঙ্গে চুক্তি হবে, কিন্তু বাংলাদেশের তো দর-কষাকষি করার দক্ষতায় দুর্বলতা রয়েছে—এমন প্রসঙ্গ তোলা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘না, কথাটা ঠিক নয়। কই, তিন বছর ধরেই তো এ নিয়ে আলোচনা করছি। আমরা তো সহজেই এতে রাজি হয়ে পড়িনি।’ফারুক খান আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থের বাইরের কোনো চুক্তি আমরা কখনো করিনি, কোনো দিন করবও না।’টিআইসিএফের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানা স্বার্থের উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্যের উন্নয়নের বিষয়ও গতকালের আলোচনায় উঠে এসেছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।দোহা উন্নয়ন পর্বের আলোচনা সমাপ্ত না হওয়ায় মার্কিন রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও ফারুক খান সাংবাদিকদের জানান।হরতাল বিষয়টিকে কেমনভাবে দেখছেন—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মার্কিন রাষ্ট্রদূত ডান ডি মজেনা।তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের শক্তিশালী সমর্থক। গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে সব অংশগ্রহণকারী যাতে ভূমিকা পালন করতে পারে, যুক্তরাষ্ট্র তা-ই আশা করে।আলিসা আয়ার্স বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্যের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি শুধু এক দিনের আলোচনার বিষয় নয়; এর আগে বহু আলোচনা হয়েছে, ভবিষ্যতে আরও হবে।টিআইসিএফের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে আলিসা বলেন, ব্যাপারটি নিয়ে মূলত কথা বলতে পারে ওয়াশিংটন।জানা গেছে, প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তিটি (টিফা) হয়-হয় করেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, টিআইসিএফ করা হচ্ছে তারই আদলে।প্রস্তাবিত চুক্তিটির বিষয়ে সর্বশেষ অগ্রগতি ও প্রস্তুতির কথা যুক্তরাষ্ট্রকে গত জুন মাসেই জানিয়ে এসেছে বাংলাদেশ।