যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ বাড়ছে ব্রাজিলের
যুক্তরাষ্ট্র ও ব্রাজিল নতুনভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য-বিরোধে জড়িয়ে পড়েছে। ব্রাজিল যুক্তরাষ্ট্র থেকে ১০০ পণ্য আমদানিতে শুল্কহার বাড়ানোর ঘোষণার পরপরই এ বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে।যুক্তরাষ্ট্র শুল্কহার বাড়ানোর পরিকল্পনাকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ অভিহিত করেছে এবং প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রন কার্ক গত বুধবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি প্যাটরিওটাকে এক চিঠিতে এসব কথা জানিয়েছেন। চলতি মাসেই ব্রাজিল সরকার ১০০টি পণ্য আমদানির শুল্কহার বাড়ানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র একে ‘সংরক্ষণমূলক’ হিসেবে আপত্তি জানায়। প্যাটরিওটা এর জবাবে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই মুদ্রানীতির কারণে ডলারের বিপরীতে ব্রাজিলের মুদ্রা কৃত্রিমভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এতে ‘কৃত্রিমভাবে কম দামে’ পণ্য এসে ব্রাজিলের বাজার সয়লাব হয়ে যাচ্ছে। সূত্র: এএফপি।