যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড বাজারে ছেড়ে দেবে না চীন
চীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড ছেড়ে দিয়ে স্বর্ণ মজুদ করার দিকে যাবে না বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববাজারে গুজব ছড়িয়ে পড়ে যে চীন তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে এখন বেশি হারে স্বর্ণের দিকে ঝুঁকে পড়তে যাচ্ছে। সে ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি (ট্রেজারি) বন্ডগুলো বাজারে ছেড়ে দিতে হতে পারে।তবে চীনের স্টেট অ্যাডমিনেস্ট্রশন অব ফরেন এক্সচেঞ্জ (এসএএফএ) এক বিবৃতিতে এই গুজবের বিষয়টি নাকচ করে দিয়েছে।বর্তমানে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দুই লাখ ৪৫ হাজার কোটি ডলার। এর মধ্যে ৯০ হাজার কোটি ডলার রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে বিনিয়োগ হিসেবে। আর মোট রিজার্ভের দুই-তৃতীয়াংশই হলো মার্কিন ডলারভিত্তিক বিভিন্ন ঋণপত্রে বিনিয়োগ।এসএএফএর বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে চীন ট্রেজারি বন্ডে তার বিনিয়োগ বাড়িয়ে ও কমিয়ে থাকে এবং এটা স্বাভাবিকভাবেই করা হয়।সূত্র: ইকোনমিক টাইমস