যুবক গ্রাহকদের পাওনা ফেরতের আশা কম

বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) গ্রাহকদের পাওনা ফেরত দেওয়ার ব্যাপারে ‘নতুন কিছু করার সুযোগ নেই’ বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, যুবকে যাঁরা বিনিয়োগ করেছিলেন, পাওনা আদায়ে তাঁদের কেউ এ পর্যন্ত একটা মামলাও করেননি। তাই পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা তাঁদের কম।
সচিবালয়ে গতকাল বুধবার যুবকের গ্রাহকদের পাওনা ফেরত দিতে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) মো. আবদুল মান্নান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘যুবকের গ্রাহকদের পাওনা ফেরতের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বাণিজ্য মন্ত্রণালয় একটি প্রস্তাব উপস্থাপন করেছিল। প্রধানমন্ত্রী তখন বাণিজ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করতে বলেন। সেই আলোচনাই হলো।’
গ্রাহকদের পাওনা ফেরতে নতুন কিছু করার নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যুবকের মতো প্রতিষ্ঠানে টাকা খাটানো মানে হচ্ছে এক শ্রেণির মানুষের লটারি প্রবণতা। আবার এত মানুষ যুবকে টাকা রাখলেন, অথচ তা উদ্ধারে একজনও আদালতে যাননি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যুবকের ৯৮ একর সম্পত্তির সন্ধান পেয়েছি। এগুলো যাতে অন্য কোথাও চলে যেতে না পারে, বরং সেই ব্যবস্থাটা এখন করতে পারি।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুবকের সম্পত্তি ছড়ানো-ছিটানো অবস্থায় আছে। এতে যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। বেশি মুনাফার আশায় তাঁরা এ কাজ করেছেন। এখন তাঁদের কোনো খোঁজ নেই। আদালতে যাওয়ার সুযোগ থাকলেও তাঁরা যাননি।
যুবকের সম্পত্তি রক্ষার্থে প্রশাসক নিয়োগ হবে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাস্তবসম্মত হবে কি না, চিন্তা করে দেখা হবে।’
সম্পত্তি রক্ষার্থে যুবক কমিশন প্রশাসক নিয়োগের সুপারিশ করে ২০১৩ সালে এবং এ বছর একই সুপারিশ করে আইন মন্ত্রণালয়ও এ ব্যাপারে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘ঠিক সুপারিশ নয়, মতামত এসেছিল যে প্রশাসক নিয়োগ করা যেতে পারে।’
বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, গ্রাহকদের পক্ষ থেকে আদালতে মামলা হলে ফল পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘পাওনা ফেরত দিতে গেলে আইনও বদলাতে হবে।’
প্রসঙ্গক্রমে ডেসটিনির কথা তোলেন বাণিজ্যমন্ত্রী। বলেন, বড় বড় লোকেরা ডেসটিনির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের কেউ কেউ এখন কারাগারে। আর ২০০১ সালের পরে দেখা গেছে চারদিকে শুধু যুবক, যুবক আর যুবক।
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা এত দিন আশায় ছিলেন যে সরকারের পক্ষ থেকে সমাধান একটা বেরিয়ে আসবে—অর্থমন্ত্রীকে উদ্দেশ করে সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেউ আশায় ছিলেন না। থাকলে তাঁরা মামলা করতেন।’
ক্ষতিগ্রস্ত গ্রাহক ও যুবকের সম্পত্তির তালিকা তৈরি করে দুই বছর মেয়াদি যুবক কমিশন সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে ২০১৩ সালে। কমিশনের প্রতিবেদন কিছুই কার্যকর করেনি সরকার। এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে জানতে চাইলে জবাব দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। তিনি বলেন, ‘পাওনা ফেরত দেওয়ার জন্য কমিশন করা হয়েছিল ধারণা করলে ভুল হবে।’
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ‘যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটি’ নামে ২০১৩ সালের ডিসেম্বরে একটি সংগঠন করেন। যোগাযোগ করলে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৈঠকটি থেকে একটা সিদ্ধান্ত পাব বলে আশায় ছিলাম। তা হয়নি। তবে সরকারের ওপর থেকে আমরা ভরসা হারাইনি।’
অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বলেছেন, গ্রাহকদের পক্ষ থেকে মামলা হওয়া উচিত ছিল—এ ব্যাপারে জানতে চাইলে মাহমুদ হোসেন বলেন, ‘১০ বছর ধরেই আমরা সরকারের উদ্যোগ দেখছি। কমিশনও গঠন করেছে সরকার। তাই ব্যক্তিগতভাবে আমরা মামলার পথে যাইনি।’
বৈঠক সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল যুবক বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, ‘আইন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে যুবকের সম্পত্তির ব্যবস্থাপনার জন্য প্রাথমিক পর্যায়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) কর্তৃক প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া যেতে পারে।’
রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে ১৯৯৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে যুবক। ১৮৬১ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় আরজেএসসি থেকে নিবন্ধন নেয় প্রতিষ্ঠানটি এবং পরে উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে।
কেন্দ্রীয় ব্যাংকের এক তদন্তে যুবকের প্রতারণামূলক কার্যক্রমসহ অবৈধ ব্যাংকিংয়ের চিত্র উঠে আসে ২০০৬ সালে। তখনই এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে ২০১০ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করে।
ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১১ সালের ৫ মে করা হয় যুবক কমিশন। ওই কমিশন সারা দেশে যুবকের ৯১টি জমি, ১৮টি বাড়ি ও ১৮টি কোম্পানি রয়েছে এবং ৩ লাখ ৩ হাজার ৭০০ গ্রাহকের কাছ থেকে ২ হাজার ৬০০ কোটি টাকা যুবকের কর্তাব্যক্তিরা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদন দেয়।