যুবক নিয়ে গোলকধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) প্রতারিত গ্রাহকদের দুর্ভোগ সহসাই কাটছে না। আট বছর ধরে আলোচিত-সমালোচিত যুবক নিয়ে সম্প্রতি আরেকটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এতে একটি গোলকধাঁধা তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক), দুদক থেকে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয় ঘুরে সব শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর বর্তাচ্ছে যুবকের প্রতারিত গ্রাহকদের পাওনা পরিশোধের দায়িত্ব।

ফজলুর রহমান নামের এক প্রতারিত গ্রাহক গতকাল বুধবার মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, ‘এ স্রেফ গোলকধাঁধা। আট বছর ধরেই এর মধ্যে পড়ে আছি আমরা।’

যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (রেজসকো) কার্যালয় থেকে বিদ্যমান ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় ১৯৯৬ সালে নিবন্ধন নেয় যুবক। এরপর আইনের ফাঁক গলিয়ে জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে। ২০০৫ সালে যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র।

এরপর ২০০৯ সালে দুদককে পদক্ষেপ নিতে বলে বাংলাদেশ ব্যাংক। গত পাঁচ বছরে অর্থ মন্ত্রণালয় গঠন করে দুটি কমিশন। এতে নানা সুপারিশ করা হলেও ঘটনার সুরাহা আর হয়নি। তিন লাখেরও বেশি গ্রাহক আশা করে বসে আছেন সরকার কিছু করবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গতকাল কথা বলে জানা গেছে, এখনো সঠিক কোনো পথ পাওয়া যাচ্ছে না।

অর্থ মন্ত্রণালয় একেকবার একেক কথা বলছে। একদিকে বলছে, অবৈধ ব্যাংকিং করায় এটি দেখবে বাংলাদেশ ব্যাংক। আবার বলছে, রেজসকো থেকে নিবন্ধন নেওয়ায় এই দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, যুবক ফৌজদারি অপরাধ করে থাকলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের যুক্তি হচ্ছে, যুবক কেন্দ্রীয় ব্যাংক থেকে নিবন্ধন নেওয়া কোনো প্রতিষ্ঠান নয় বলে তারা কিছু করতে পারছে না।

এদিকে প্রশাসক নিয়োগের পরিবর্তে প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার জন্য সরকারের সহযোগিতা চান যুবকের নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুম। তিনি বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম, আগামী দুই সপ্তাহের মধ্যে সেই বিবরণ তুলে ধরে একটি প্রতিবেদন পাঠাব।’

সাম্প্রতিক পদক্ষেপ: অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে গত ২২ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। যুবকের সম্পত্তি সরকারি হেফাজতে গ্রহণ, ব্যবস্থাপনা ও বিক্রয় করে প্রকৃত গ্রাহকদের পাওনা আসল টাকা পরিশোধের লক্ষ্যে প্রশাসক নিয়োগ বিষয়ে করণীয় নির্ধারণের জন্য ছিল এ বৈঠক। এই বৈঠকের ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল আরেকটি বৈঠক। কিন্তু ২৩ ডিসেম্বর অনিবার্য কারণে তা স্থগিত করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘যুবক প্রতারণা করে থাকলে তা আমাদের মন্ত্রণালয়ের দেখার বিষয় নয়।’

জানা গেছে, বিদ্যমান কোম্পানি আইনের কোনো ধারা অনুযায়ী প্রশাসক বসানোর সুযোগ না থাকায় গত বছর আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

এদিকে ২২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় বিষয়টি আলোচিত হয়। এরপরই চিঠি পাঠানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। তার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনেক সম্পত্তি বেদখলে: অনেক সম্পত্তি বর্তমানে যুবকের দখলে নেই বলে অর্থ মন্ত্রণালয় ও যুবক সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ, ভোলা, বরিশাল, খুলনা ও বাগেরহাটে জমি বেদখল হয়ে গেছে। যুবক কমিশনের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর পল্টনে ২১ শতাংশ, ধানমন্ডিতে সাড়ে ৩৩ শতাংশ, তেজগাঁওয়ে ৪৯ শতাংশ, কাঁচপুরে ৮৭৮ শতাংশ, চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দরের পাশে ৪০ বিঘা, সাভার মডেল টাউনে প্লট এবং মাদারীপুর চক্ষু হাসপাতালের সামনে সম্পত্তি রয়েছে যুবকের।

এ ছাড়া সারা দেশে রয়েছে যুবকের ১৮টি বাড়ি, ১৮টি প্রতিষ্ঠান এবং ৯১টি জায়গায় জমি। এর মধ্যে কাঁচপুরের জমি যুবকের ২১ জেলা সমন্বয়কারী নিজেদের নামে লিখে নিয়েছে। তেজগাঁও ও পল্টনের জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে যুবক। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও ধানমন্ডির জমি বিক্রি করে দিয়েছে। যুবকের সম্পত্তির পরিমাণ বাজারমূল্যে তিন হাজার কোটি টাকা হবে বলে প্রতিবেদনে উঠে আসে।

উল্লেখ্য, যুবকের তিন লাখ তিন হাজার ৭৩৯ ক্ষতিগ্রস্ত গ্রাহকের দাবির পরিমাণ দুই হাজার ৫৮৮ কোটি ১১ লাখ টাকা।