যুবকের অর্থ বিদেশে পাঠানো ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ
যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) তাদের সম্পদ বিক্রি করে যাতে কোনো অর্থ বিদেশে স্থানান্তর বা পাচার করতে না পারে, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত একটি নির্দেশ সম্প্রতি ব্যাংকগুলোতে পৌঁছেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, যুবকের বিরুদ্ধে অভিযোগ এসেছে নতুনভাবে যুবকের সম্পদ বিক্রি করে অর্থ বিদেশে পাঠানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সতর্কতা অবলম্বনে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।নির্দেশে বলা হয়েছে, যুবক এবং যুবক-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যেন তাদের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ বিদেশে স্থানান্তর বা পাচার করতে না পারে, সে বিষয়ে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া যাচ্ছে। ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখাকে এ বিষয়ে সতর্ক করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় পরামর্শ দেওয়া হয়েছে।জানা যায়, যুবকের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা কিছুদিন জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অফিস নিয়ে তাঁরা আবার নতুন করে কার্যক্রম শুরু করেছেন বলে গ্রাহক ও তাঁদের এক সময়ের কর্মীরা অভিযোগ করেছেন। একই সঙ্গে গ্রাহকদের পাওনা অর্থ ফেরত দেওয়ার জন্য সরকারগঠিত স্থায়ী কমিশনের কর্মকাণ্ড নিয়েও তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন। অভিযোগ করা হয়েছে, বিভিন্ন পন্থায় সম্পদ বিক্রি করে সে টাকা পাঠানো হচ্ছে দেশের বাইরে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে এ সতর্কতা করেছে বলে সূত্র জানায়।উল্লেখ্য, ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে যুবকের অবৈধ ব্যাংকিং কর্মকাণ্ডের তথ্য উদ্ঘাটিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক যুবক কর্তৃপক্ষকে ২০০৬ সালের মার্চের মধ্যে তাদের সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়। নির্দিষ্ট সময়ে সে নির্দেশনা কার্যকর না হওয়ায় যুবকের সব কর্মকাণ্ড বন্ধ করে দেয় সরকার। আর যেসব গ্রাহক যুবকের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ জমা করেছিলেন, তাঁদের অর্থ ফেরত দিতে ২০১১ সালের ৪ মে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি কমিটি গঠন করে।