যুবকের ৩ লাখ গ্রাহক এখনো অনিশ্চয়তায়
বিতর্কিত প্রতিষ্ঠান যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) প্রতারিত গ্রাহকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কোনো উপায় বের করতে পারছে না সরকার। যুবকের প্রতারিত গ্রাহক তিন লাখ চার হাজার জন। আর তাঁদের দাবির পরিমাণ দুই হাজার ৬০০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় গঠিত যুবক কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাসীন মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি আমলা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্য বা পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটির অশুভ উত্থান হয়। সে অনুযায়ী ১৯৯৬-২০০১ সময়ের আওয়ামী লীগ এবং ২০০১-২০০৬ সময়ের বিএনপি—উভয় সরকারই যুবকের উত্থানে ভূমিকা রাখে।
প্রতিবেদনে বলা হয়, ‘উভয় সরকারের আমলের এই ভূমিকার কারণেই অতি মুনাফালোভী ও সহজ-সরল বিভিন্ন শ্রেণির শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত লোক অতি সহজে যুবকের পাতা ফাঁদে ধরা পড়ে এবং একপর্যায়ে সর্বস্বান্ত হয়ে যায়।’
বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ঘুরে আট বছরের জট খোলার দায়িত্ব বর্তেছে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের ঘাড়ে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ও বিভ্রান্ত। যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একটা উপায় বের করার চেষ্টায় আছি আমরা। গ্রাহকদের স্বার্থে যা যা করা দরকার, সবই করা হবে। তবে কী করলে গ্রাহকেরা উপকৃত হবেন, তার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে।’ কত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন যে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে কোনো সময়সীমা বলা যাবে না।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন জানান, ‘আগামী সপ্তাহে যুবক নিয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। আশা করছি, এ থেকে একটি সমাধান বেরিয়ে আসবে।’
ঠিক এক বছর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে বলেছিলেন, ‘যুবকের বিষয়ে সমাধানের একটি উপায় হতে পারে সালিস নিষ্পত্তি, অন্যটি সম্পত্তি বিক্রি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যাঁরা সর্বস্ব খুইয়েছেন, তাঁদের সাহায্য করা। সেই চেষ্টাই এখন চলছে।’ এক বছরে অবশ্য অর্থমন্ত্রী কিছুই করে দেখাতে পারেননি।
অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ ব্যাপারে মতামত নিয়েছে আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় বলেছে, যে মন্ত্রণালয় যুবকের নিবন্ধন দিয়েছে, সুরাহার দায়িত্বও সেই মন্ত্রণালয়ের। যুবকের নিবন্ধন দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো)। ১৫৪ বছরের পুরোনো ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় ১৯৯৬ সালে নিবন্ধন নেয় যুবক।
রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে কয়েকটি দোকান ভাড়া নিয়ে যাত্রা শুরু করে যুবক। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি উচ্চ সুদের বিনিময়ে আমানত সংগ্রহ ও ঋণদান কর্মসূচি চালু করে। ২০০৫ সালে যুবকের প্রতারণামূলক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতে থাকলে তদন্তে নামে কেন্দ্রীয় ব্যাংক। ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে যুবকের বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংসহ নানা প্রতারণার চিত্র।
দেশজুড়ে যুবকের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। জমি, কারখানা, প্লট ইত্যাদি সম্পত্তি বিক্রি করে বা কাজে লাগিয়ে কীভাবে গ্রাহকদের ক্ষতি মেটানো যায়, তা অনিশ্চিতই রয়ে গেছে। আর এই অনিশ্চয়তার মূলে রয়েছে আমলাতান্ত্রিক গড়িমসি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সঠিক কোনো আইন নেই দেশে।
যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহক মো. শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, কোন আমলে কীভাবে কী হলো, তার চেয়ে বড় কথা মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হবে। বিদ্যমান আইনে কিছু করা না গেলে সরকারের উচিত নতুন আইন প্রণয়ন করা।
ফাইল নড়াচড়া শুরু: যুবকের গ্রাহকদের স্বার্থে কোনো পদক্ষেপ নেয়নি ২০০৭-০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ দায়িত্ব গ্রহণের পরের মাস অর্থাৎ ২০০৯ সালের ফেব্রুয়ারিতে যুবকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক।
তারও এক বছর পর ২০১০ সালের ২৬ জানুয়ারি যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা তৈরি এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি বেহাত না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে অর্থ মন্ত্রণালয়। ফরাসউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার পরে ২০১১ সালের ৫ মে সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলামকে চেয়ারম্যান করে গঠন করে দুই বছর মেয়াদি যুবক কমিশন।
কমিশন দুই বছর এক মাস পর ১৭৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয় অর্থমন্ত্রীর কাছে। এই প্রতিবেদনের ওপর এক বিভ্রান্তিকর মন্তব্য করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘এইটি তো হলো যুবককে নিয়ে। কিন্তু এই রকম আরও প্রতিষ্ঠান নিয়ে এই রকম সমস্যা আছে। ইউনিপেটু ইউ, ডেসটিনি। এরা এমএলএম কোম্পানি। এরা সমবায় আইনের অধীনে ব্যাংকিং ব্যবসা করত। এখন অবশ্যি এই সুযোগ নেই।’
প্রকৃত তথ্য হচ্ছে, যুবক সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় নিবন্ধন নিয়েছে, সমবায় আইনে নয়। আর ইউনিপে টু ও ডেসটিনি—এসব এমএলএম কোম্পানি কোনো নিবন্ধনই নেয়নি, তারা নিয়েছে রেজসকো থেকে শুধু কোম্পানি গঠনের নিবন্ধন।
রেজসকো নিবন্ধক বিজনকুমার বৈশ্য এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, নিবন্ধন দিলেও রেজসকোকে তা বাতিল করার সুযোগ আইনে দেওয়া হয়নি। আইনের ১৩ ধারা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কেউ আদালতে গেলে প্রশাসক নিয়োগের কোনো নির্দেশনা পাওয়া যেতে পারে।
অবাস্তবায়িত সুপারিশ: যুবক কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করেনি সরকার। সুপারিশের মধ্যে অন্যতম হলো প্রশাসক নিয়োগ দিয়ে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা। আইনে প্রশাসক নিয়োগের সুযোগ না থাকায় বিদ্যমান ১৯৯৪ সালের কোম্পানি আইনে নতুন ধারা সংযোজন করা; তাও সম্ভব না হলে নতুন আইন প্রণয়ন করা।
প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত যে যে এলাকায় যুবকের সম্পত্তি রয়েছে, সেসব এলাকার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্পত্তি সংরক্ষণ ও তদারকির দায়িত্ব দেওয়ার সুপারিশও ছিল।
যুবক ও যুবকের কর্মকর্তাদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং নামে-বেনামে হস্তান্তর করা সম্পত্তি প্রশাসনিক বা বিচারিক আদেশের মাধ্যমে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে এ সম্পত্তি বিক্রি করে গ্রাহকের আসল টাকা পরিশোধের সুপারিশ করা হয় প্রতিবেদনে।
সাবেক সচিব মোকাম্মেল হক, ভোলার চেয়ারম্যান মজনু মিয়াসহ গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে বাড়ি-গাড়ি করা ৪০ জনকে চিহ্নিত করে কমিশন বলেছে, তাঁদের বিরুদ্ধে এলাকাভিত্তিক দেওয়ানি ও ফৌজদারি মামলা করা যেতে পারে।
দায়িত্ব এড়ানো ও মালিকানার হাতবদল: প্রতিবেদন পাওয়ার আগে থেকেই যুবক নিয়ে একেকবার একেক কথা বলছে অর্থ মন্ত্রণালয়। একদিকে বলছে, অবৈধ ব্যাংকিং করায় এটি দেখবে বাংলাদেশ ব্যাংক। আবার বলছে, রেজসকো থেকে নিবন্ধন নেওয়ায় এই দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের।
বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, যুবক ফৌজদারি অপরাধ করে থাকলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের যুক্তি হচ্ছে, যুবক বাংলাদেশ ব্যাংক থেকে নিবন্ধন নেওয়া কোনো প্রতিষ্ঠান নয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স না নেওয়া প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অবৈধ ব্যাংকিং করায় বাংলাদেশ ব্যাংক তদন্ত করে দুদককে ব্যবস্থা নিতে বলেছে।’
২০১৩ সালের জুলাইয়ে যুবক কমিশনের এই প্রতিবেদন পাওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর যুবকের প্রতারিত গ্রাহকদের পাওনা পরিশোধের দায়িত্ব দেয় অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের ২২ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাসিক সমন্বয় সভার পর চিঠি পাঠানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কীভাবে এল, জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘যুবক কমিশনের এ রকম সুপারিশ ছিল।’
সমাজকল্যাণ মন্ত্রণালয় ব্যর্থ হলে আইন মন্ত্রণালয়ের মতামত নেয় অর্থ মন্ত্রণালয়। এরপর সম্প্রতি নতুন করে দায়িত্ব দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়কে।
এদিকে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রাহকদের ক্ষতিপূরণের কোনো উদ্যোগ না নেওয়া হলেও হাতবদল হয়ে যায় যুবকের কিছু সম্পত্তি। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোসাদ্দেক আলীকে দেওয়া হয়েছিল বেসরকারি চ্যানেল আরটিভির লাইসেন্স।
যুবকের নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুম গতকাল প্রথম আলোকে বলেন, ‘মোসাদ্দেক আলীর কাছ থেকে আরটিভির বেশির ভাগ শেয়ার কিনে নেয় যুবক। পরে অবশ্য যুবক ১৮ কোটি টাকা মূল্যমানের ৫৭ শতাংশ শেয়ারের মালিকানা বুঝে পায়।’
জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় টাকা ছাড়াই যুবকের মালিকানা লিখে নেয় বেঙ্গল গ্রুপের মোর্শেদ আলমের পরিবার। হোসাইন আল মাসুম বলেন, ‘মাঝখানে মোর্শেদ আলম ১০ কোটি টাকার বিনিময়ে সমঝোতার প্রস্তাব দিলেও আমরা তা প্রত্যাখ্যান করি।’
অনেক সম্পত্তি বেদখল: অনেক সম্পত্তি বর্তমানে যুবকের দখলে নেই বলে অর্থ মন্ত্রণালয় ও যুবক সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ, ভোলা, বরিশাল, খুলনা ও বাগেরহাটে জমি বেদখল হয়ে গেছে।
যুবকের স্থাবর-অস্থাবর সম্পত্তির চিত্রও তুলে ধরা হয়েছে যুবক কমিশনের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, রাজধানীর পল্টনে ২১ শতাংশ, ধানমন্ডিতে সাড়ে ৩৩ শতাংশ, তেজগাঁওয়ে ৪৯ শতাংশ, কাঁচপুরে ৮৭৮ শতাংশ, চট্টগ্রাম পতেঙ্গা বিমানবন্দরের পাশে ৪০ বিঘা, সাভার মডেল টাউনে প্লট এবং মাদারীপুর চক্ষু হাসপাতালের সামনে সম্পত্তি রয়েছে যুবকের। মোট ৯১টি স্থানে জমি রয়েছে।
এর মধ্যে কাঁচপুরের জমি যুবকের কয়েকজন জেলা সমন্বয়কারী নিজেদের নামে লিখে নিয়েছেন। এ ছাড়া সারা দেশে রয়েছে যুবকের ১৮টি বাড়ি ও ১৮টি প্রতিষ্ঠান। তেজগাঁও ও পল্টনের জমি বন্ধক দিয়ে ব্যাংকঋণ নিয়েছে যুবক। আর নিষেধাজ্ঞা সত্ত্বেও ধানমন্ডির জমি বিক্রি করে দিয়েছে। হোসাইন আল মাসুমসহ যুবকের সব কর্তাব্যক্তিই এখন জামিনে মুক্ত রয়েছেন।