যুবসমাজের জন্য রবির প্যাকেজ ‘রবি প্রথম’
মোবাইল ফোন অপারেটর রবি দেশের যুবসমাজের জন্য বাজারে ‘রবি প্রথম’ শীর্ষক একটি নতুন প্যাকেজ ছেড়েছে। সাশ্রয়ী কলরেটের সঙ্গে এ প্যাকেজে কমমূল্যে ইন্টারনেট সুবিধা থাকবে। ১২৫ টাকার এই প্যাকেজে রয়েছে ২৫ টাকার ফ্রি টকটাইম ও পাঁচ টাকায় ১০০ ক্ষুদে বার্তা ব্যবহারের সুযোগ। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার রবির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে রবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু প্যাকেজটির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। সম্মেলনে রবির প্রধান যোগাযোগ কর্মকর্তা মহিউদ্দিন বাবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিদ্যুৎ কুমার বসু জানান, রবি প্রথম প্যাকেজ দিয়ে গ্রাহকেরা রবি নম্বরে দিনরাত মিনিটপ্রতি ৪৪ পয়সা এবং অন্য অপারেটরে ৮৮ পয়সায় কথা বলতে পারবেন। যেকোনো অপারেটরে ক্ষুদেবার্তা পাঠাতে পারবেন ৪৪ পয়সায়। আর ১০ টাকায় ১০ মেগাবাইট ডাউনলোড করার সুবিধাসহ ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিদ্যুৎ কুমার বসু জানান, ১২৫ টাকার এই প্যাকেজে রয়েছে ২৫ টাকার ফ্রি টকটাইম এবং পাঁচ টাকায় ১০০ ক্ষুদেবার্তা পাঠানোর সুযোগ। বিদ্যুৎ কুমার বসু আরও বলেন, রবি দেশের যুবসমাজকে পৃথিবীর জ্ঞানভাণ্ডারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়, যাদের সফলতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।