যে অর্থ দেশে আসে তার চেয়ে বেশি যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বিদেশি সহায়তা ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে যে অর্থ সারা বছরে দেশে আসে, এর চেয়ে বেশি অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে চলে যেতে পারে।
গতকাল বুধবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত চলমান পেশাগত উন্নয়ন (সিপিডি) সেমিনারে আতিউর রহমান এ কথা বলেন। কারওয়ান বাজারে সিএ ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইসিএবির সভাপতি মসিহ্ মালিক চৌধুরী।
আতিউর রহমান বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে হিসাববিদদের ‘গেটকিপার’র ভূমিকা পালন করতে হবে। শুধু আইনগত কাঠামোর উন্নয়ন হলেই তা কার্যকর প্রতিরোধব্যবস্থা নিশ্চিত করে না, বরং আইনের যথাযথ প্রয়োগ বেশি গুরুত্বপূর্ণ। হিসাববিদদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হিসাববিদেরা গ্রাহকের পক্ষে আর্থিক লেনদেনের কাজ করেন। এতে গ্রাহকের আর্থিক তথ্যাদি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ তৈরি হয়। এসব আর্থিক লেনদেনে কোনো ধরনের মানি লন্ডারিং বা সন্ত্রাসে অর্থায়নের সম্পৃক্ততা থাকলে তাঁরা তা সহজেই বুঝতে পারেন। তাই কেউ যেন এ ধরনের অপরাধ সংঘটনে সহায়তা না পান কিংবা হিসাববিদদের কোনোভাবে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটে অবহিত করবেন।
মসিহ্ মালিক চৌধুরী জানান, ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের সমীক্ষায় দেখা গেছে, ২০০৯ সালে বিশ্ব অর্থনীতিতে বৈশ্বিক উৎপাদনের ৩ দশমিক ৬ শতাংশ পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে উপার্জিত হয়েছিল। এর মধ্যে ২ দশমিক ৭ শতাংশ মানি লন্ডারিংয়ের মাধ্যমে বৈধ হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে আইসিএবির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সকে ভিত্তি ধরে অ্যান্টি মানি লন্ডারিং সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশ ৫৭তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থাপনা সবচেয়ে ভালো।
সেমিনারে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, বিশ্বব্যাংকের আর্থিক খাত বিশেষজ্ঞ প্রিয়ানী মালিক, বিএফআইইউর উপপ্রধান মাহফুজুর রহমান প্রমুখ।