যে কারণে চালু হচ্ছে না এমএসএ প্লাস
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫ মার্চ ইন্টারনেট-ভিত্তিক লেনদেন বা এমএসএ প্লাস সফটওয়্যার চালু হচ্ছে না। গতকাল মঙ্গলবার ডিএসইর পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ডিএসইর পক্ষ থেকে বলা হচ্ছে, অমনিবাস জটিলতার কারণে এই সফটওয়্যার চালুর বিষয়টি স্থগিত করা হয়েছে। তবে এর পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে বলে জানা গেছে। যার মধ্যে অন্যতম হলো, নিটিং সুবিধা প্রদান ও মার্জিনেবল শেয়ার নির্ধারণে সমস্যা। এ ছাড়া এর পেছনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সূত্র জানায়, ডিএসইর পক্ষ থেকে এমএসএ প্লাস সফটওয়্যার চালু করার ক্ষেত্রে কয়েকটি সমস্যা চিহ্নিত করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সমস্যাগুলোর মধ্যে রয়েছে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব নিয়ে জটিলতা, দুই স্টক এক্সচেঞ্জে ক্যাশ লিমিট দেওয়ার ক্ষেত্রে জটিলতা, নগদ অর্থ জমাদান ও উত্তোলনে জটিলতা, নিটিং জটিলতা এবং মার্জিনেবল ও ননমার্জিনেবল শেয়ার নির্ধারণে জটিলতা।ডিএসইর পক্ষ থেকে চিহ্নিত সমস্যার মধ্যে অমনিবাস হিসাব সম্পর্কে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইন্টারনেট ভিত্তিক লেনদেন ব্যবস্থা বা এমএসএ প্লাস সফটওয়্যার চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে সফটওয়্যারটির পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে এমএসএ প্লাস চালু করতে হলে গ্রাহকদের জন্য পৃথক বিও হিসাব প্রয়োজন, যা ব্রোকারেজ হাউসগুলো পরিপালন করে থাকে। তবে বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো অমনিবাস বিও হিসাবের অধীনে সাব ট্রেডিং অ্যাকাউন্টস ব্যবহার করে আসছে। নতুন এই ব্যবস্থা ডুপ্লিকেট বিও কোড সাপোর্ট না করায় নগদ অর্থ ও শেয়ার সংশ্লিষ্ট বিও হিসাবে আপলোড করা সম্ভব নয়।এতে আরও বলা হয়, ডিএসই ও সিএসইর ক্যাশ লিমিট ও শেয়ার লিমিট অফলাইন ফাইল আপলোড হিসেবে করা হয়। দুই স্টক এক্সচেঞ্জে একসঙ্গে আপলোড করা হলে ক্যাশ লিমিট ও শেয়ার লিমিট দ্বিগুণ হতে পারে।এদিকে ক্যাশ লিমিটের ক্ষেত্রে ব্যাক অফিস ভেলিডেশন প্রয়োজন হবে। লেনদেন চলাকালে গ্রাহকেরা নগদ অর্থ জমা ও উত্তোলন করে থাকেন। এক্ষেত্রে ব্যাক অফিসের সঙ্গে এপিআই সংযোগ প্রয়োজন রয়েছে।ডিএসইর ওই প্রতিবেদনে আরও বলা হয়, এমএসএ প্লাস নিটিং সুবিধা সাপোর্ট করে না। তাই এই সফটওয়্যার চালু হলে গ্রাহকদের সমস্যায় পড়তে হবে।এসইসির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে মার্জিনেবল ও ননমার্জিনেবল সিকিউরিটিজ রক্ষণাবেক্ষণ ও নির্ধারণ করা হয় আগে থেকেই। এমএসএ প্লাস এ ধরনের সীমাবদ্ধতা সাপোর্ট করে না। এ ক্ষেত্রে এপিআই সংযোগ না থাকলে মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য কিছু সমস্যা হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।এ সব সমস্যা সমাধানে বেশ কিছু উপায়ও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান পরিচালক আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ডিএসইতে গত ১২ বছর ধরে বর্তমান লেনদেন ব্যবস্থা চলে আসছে। নতুন এ ব্যবস্থা চালু হলে প্রথম দিকে কিছুটা সমস্যা হতে পারে। তবে ধীরে ধীরে এসব সমস্যা দূর হবে।এদিকে গতকাল ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের “এমএসএ প্লাস গো লাইফ প্রোগ্রাম” সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাবের লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২৫ মার্চ উক্ত প্রোগ্রাম চালুর বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।’ খুব শিগগিরই চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এ ব্যাপারে ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান প্রথম আলো অনলাইনকে বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় সফটওয়্যারটি চালুর বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।