ক্রেডিট কার্ড নীতিমালা সংশোধন, ২০১৮ থেকে কার্যকর
যেকোনো ঋণের সুদের চেয়ে গুনতে হবে ৫ শতাংশ বেশি সুদ
বিকাশমান ক্রেডিট কার্ডের ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে গত ১১ মে জারি করা নীতিমালা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এ নীতিমালায় বেশ কিছু সংশোধনী এনেছে, যা ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আগের নির্দেশনায় অবিলম্বে বাস্তবায়নের নির্দেশনা ছিল। নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকের যেকোনো ঋণের সুদ হারের চেয়ে ক্রেডিট কার্ডের সুদ হার ৫ শতাংশ বেশি হবে। আগের নীতিমালায় বলা হয়েছিল ভোক্তা ঋণের চেয়ে ৫ শতাংশ বেশি হবে ক্রেডিট কার্ডের সুদ হার।
গতকাল জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, নীতিমালা বাস্তবায়নে ব্যাংকগুলো কিছু কিছু প্রায়োগিক ও কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছে। সার্বিক বিষয় পর্যালোচনায় ক্রেডিট কার্ডের ব্যবহারের উপযুক্ততা বৃদ্ধিসহ কার্ড জনপ্রিয় করতে ছয়টি ধারায় পরিবর্তন আনা হলো।
নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো বর্তমানে মূল ক্রেডিট কার্ডের সঙ্গে একটি সহায়ক (সাপ্লিমেন্টারি) কার্ডও দিয়ে থাকে। কিন্তু দ্বৈত মুদ্রার সুবিধা-সংবলিত কার্ডের বেলায় সহায়ক কার্ডটিতে দ্বৈত মুদ্রা সুবিধা দেওয়া যেত না। নতুন নীতিমালায় বলা হয়েছে, দুই কার্ডেই দ্বৈত মুদ্রা সুবিধা দেওয়া যাবে। নীতিমালায় আরও বলা হয়েছে, গ্রাহকের বিল পরিশোধের শেষ দিন শুক্রবার বা সরকারি ছুটির দিন হলে ব্যাংক খোলার দিন পর্যন্ত তা পরিশোধের সুযোগ দিতে হবে। এ সময়ে কোনো সুদ আরোপ করা যাবে না। কার্ড নেওয়ার সময় গ্রাহক যে সময়কে সুবিধাজনক হিসেবে উল্লেখ করবেন, শুধু ওই সময়েই বিল আদায়ে গ্রাহককে ফোন দেওয়া যাবে, তবে তা হবে সীমিত আকারে। কার্ডের নিরাপত্তা নিশ্চিতে আগের নীতিমালায় বলা হয়েছিল, প্রতিটি লেনদেনে দুই ধাপবিশিষ্ট যাচাই ব্যবস্থা থাকতে হবে। তবে গতকালের নীতিমালায় বলা হয়েছিল, একটি পিন কোডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ক্রেডিট কার্ড সেবা চালুর প্রায় ২১ বছর পর গত মে মাসে নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ভোক্তা ঋণের সুদ হারের চেয়ে এ ব্যবসায় সুদ হার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি হতে পারবে। বর্তমানে ব্যাংকগুলোর ভোক্তা ঋণের সুদ হার ১০-১৩ শতাংশ। ফলে নীতিমালা অনুযায়ী ক্রেডিট কার্ডে সুদের হার হবে ১৫-১৮ শতাংশ। ব্যাংকভেদে বর্তমানে ক্রেডিট কার্ডে ১৪-৩৬ শতাংশ পর্যন্ত সুদ আদায় করা হয়। নীতিমালা জারি হলেও তা বাস্তবায়ন না করে ব্যাংকগুলো নীতিমালাটি পুনর্বিবেচনার আবেদন করে।
বর্তমানে দেশে নয় লাখ ক্রেডিট কার্ডধারী রয়েছেন। গত জানুয়ারি মাসেই গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৭৩৫ কোটি টাকার লেনদেন করেছেন। ডিসেম্বরে ক্রেডিট কার্ড গ্রাহকেরা ৭০৫ কোটি টাকার লেনদেন করেন। গত জানুয়ারিতে প্রায় ৮ লাখ ৭৭ হাজার ক্রেডিট কার্ড চালু ছিল। এর মধ্যে দি সিটি ব্যাংকের ২ লাখ ৮ হাজার, ইস্টার্ণ ব্যাংকের ১ লাখ ৫০ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১ লাখ ৫০ হাজার ও ব্র্যাক ব্যাংকের ১ লাখ ৩ হাজার।