যেখানে-সেখানে আর সভা হতে পারবে না
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএমের স্থান নির্ধারণের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর ফলে কোম্পানিগুলো আর নিজেদের খেয়ালখুশিমতো যেখানে-সেখানে এজিএম আয়োজন করতে পারবে না।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানির নিবন্ধিত কার্যালয় যেখানে, সেই শহর বা এলাকার বাইরে অন্য কোথাও বার্ষিক সাধারণ সভার আয়োজন করা যাবে না। তবে বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শহরের বাইরে কোনো সভা করার প্রয়োজন হলে নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমতি নিতে হবে।
এ নির্দেশনা জারির ফলে চলতি মাসে যেসব কোম্পানির বার্ষিক সভা রয়েছে সেগুলোর বেলায় এ সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, চলতি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির বার্ষিক সাধারণ সভার দিন ধার্য রয়েছে। সেগুলো হচ্ছে পদ্মা লাইফ ইনস্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন, কাশেম ড্রাইসেল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম। এর মধ্যে ২০ নভেম্বর পদ্মা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এজিএমের স্থান নির্ধারিত রয়েছে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে। আর কোম্পানিটির প্রধান কার্যালয় ঢাকায়। এখন বিএসইসির নির্দেশনা এটির বেলায় কার্যকর করতে হলে কোম্পানিটির এজিএমের স্থান বদলের প্রয়োজন দেখা দিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির এক কর্মকর্তা জানান, যেসব কোম্পানির বার্ষিক সভার সব আয়োজন এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে, সেসব কোম্পানি কমিশনের কাছে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।
বার্ষিক সাধারণ সভার স্থান নির্ধারণের ক্ষেত্রে কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো তা জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, আদালতের আদেশে বিএসইসি এ ধরনের নির্দেশনা জারি করেছে। সম্প্রতি তালিকাভুক্ত একটি কোম্পানির মামলায় আদালত এজিএমের স্থান নির্ধারণের ক্ষেত্রে বিএসইসিকে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির আরেক কর্মকর্তা প্রথম আলোকে জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু কোম্পানির মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যারা দেশের দূরবর্তী বিভিন্ন স্থানে বার্ষিক সভার আয়োজন করছে। এতে করে ওই সব সভায় সাধারণ শেয়ারধারীদের অংশগ্রহণের সুযোগ কমে যাচ্ছে। বার্ষিক সাধারণ সভায় এমন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেওয়া হয় যার সঙ্গে সাধারণ শেয়ারধারীদের স্বার্থ জড়িত। কিন্তু দূরবর্তী স্থানে এজিএম আয়োজনের ফলে ওই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ শেয়ারধারীরা কোনো মতামত দিতে পারছেন না। তাই এ ধরনের নির্দেশনার ফলে বার্ষিক সভায় শেয়ারধারীদের অংশগ্রহণের সুযোগটি সুরক্ষিত হবে।