যেতে হবে বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরটি অর্থনীতির জন্য বেশ চ্যালেঞ্জিং। রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য অর্জনে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক লাখ কোটি টাকা খরচ করতে হবে। আর ব্রেক্সিটের প্রভাব এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যবিষয়ক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রপ্তানি খাতে প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজস্ব ও রপ্তানি খাতে লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম। আর প্রবাসী আয়ে তো ধস নেমেছে। এডিপির মূল সমস্যা হলো, বহু প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। প্রথম আলোকে তিনি বলেন, আর্থিক খাতটি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। খেলাপি ঋণের মাত্রা ১০ শতাংশের বেশি আছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক এ জন্য দায়ী হলেও ইদানীং বেসরকারি ব্যাংকেও এ প্রবণতা আছে। আর্থিক খাতের খারাপ অবস্থা থাকলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে; যা অর্থনীতিকে সবচেয়ে বেশি ভোগাবে।
এডিপি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাদে সবচেয়ে বড় খরচ হলো উন্নয়ন প্রকল্পে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ চলতি অর্থবছরে এডিপির আকার ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।
সর্বশেষ হিসাবে, গত নভেম্বর মাস পর্যন্ত পাঁচ মাসে খরচ হয়েছে ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা। ১৩ মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকা খরচ করতে পারেনি। অর্থবছরের বাকি সাত মাসে সব মিলিয়ে খরচ করতে হবে প্রায় এক লাখ কোটি টাকা। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সাত মাস তো বটেই; পুরো অর্থবছরে এক লাখ কোটি টাকা খরচ করা সম্ভব হয়নি। এক বছরের হিসাবে সবচেয়ে বেশি ৮৬ হাজার ৯৬৭ কোটি টাকা খরচ হয়েছে গত অর্থবছরে।
অথচ প্রতিবারই বিশাল এডিপি নেওয়া হয়। সব সরকারের পরিকল্পনামন্ত্রী কথার ফুলঝুড়ি ছড়ান—এডিপি শতভাগ বাস্তবায়িত হবেই। বাস্তবায়ন করতে না পেরে মাঝপথে ২০-৩০ শতাংশ এডিপি কাটছাঁট করা হয়। শেষ পর্যন্ত তা-ও বাস্তবায়িত হয় না।
রাজস্ব: সরকারের আয়ের অন্যতম বড় উৎস হলো রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাজেটের দুই-তৃতীয়াংশ টাকার জোগান দেয়। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৪৯ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। বাকি আট মাসে এনবিআরকে ১ লাখ ৫৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে।
কিন্তু লক্ষ্য অর্জনে প্রতি মাসে গড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা আদায় করতে হবে। আর প্রতিদিন আদায় করতে হবে গড়ে প্রায় এক হাজার কোটি টাকা। কিন্তু এনবিআর কখনো এমন গতিতে রাজস্ব আদায় করতে পারেনি। গত অর্থবছরে রেকর্ড ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। প্রতি মাসে গড়ে ১৩ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এ বছরের লক্ষ্য অর্জন করতে বাকিটা সময়ে গতবারের দ্বিগুণ হারে রাজস্ব আদায় করতে হবে। এ ছাড়া এনবিআরের জন্য চলতি অর্থবছরে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন।
রপ্তানি: অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো রপ্তানি খাত। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ১ হাজার ৩৬৯ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। লক্ষ্য ছিল ১ হাজার ৪২৮ কোটি ডলার। এ সময়ে লক্ষ্য অর্জিত হয়নি। পুরো অর্থবছরে ৩ হাজার ৭০০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য আছে। এই লক্ষ্য অর্জন করতে হলে আগামী সাত মাসে প্রায় আড়াই হাজার কোটি ডলারের রপ্তানি আয় করতে হবে।
কিন্তু এই লক্ষ্য অর্জনে বিশ্ব প্রেক্ষাপট আশাবাদী হওয়ার মতো নয়। রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এবার তৈরি পোশাক রপ্তানিও লক্ষ্য অনুযায়ী হচ্ছে না। ব্রেক্সিটের কারণে ইউরোপের বাজারে তৈরি পোশাকের রপ্তানি কমার আশঙ্কা আছে। আবার যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কতটা রপ্তানি-সহায়ক হবে; তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) আইন বাস্তবায়ন না করার ঘোষণা দিয়েছে; যা বাংলাদেশের জন্য ভালো খবর।
প্রবাসী আয়: বিদেশে যাওয়া শ্রমিকের সংখ্যা বাড়লেও তা আশাবাদী হওয়ার মতো নয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বেশি শ্রমিক গেছেন। জ্বালানি তেলে পড়তি দরের কারণে অর্থনৈতিকভাবে মন্দাবস্থায় আছে এসব দেশ। ইতিমধ্যে এর প্রভাবও পড়েছে প্রবাসী আয়ে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসী আয় এসেছে (জুলাই-নভেম্বর) ৫২০ কোটি ডলার। গতবার একই সময়ে এর পরিমাণ ছিল ৬১৭ কোটি ডলার। প্রবাসী আয় কমেছে ১৫ দশমিক ৭২ শতাংশ।