এ সপ্তাহের সাক্ষাৎকার: ফারুক আহমেদ সিদ্দিকী
যেনতেনভাবে স্বতন্ত্র পরিচালক বাছাই করা ঠিক হবে না
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বাস্তবায়নসহ বাজার পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী

প্রথম আলো: বাংলাদেশের পুঁজিবাজারে বহু কাঙ্ক্ষিত ডিমিউচুয়ালাইজেশন বা স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ চালু হতে যাচ্ছে। এর ফলে বাজারে কী ধরনের সুফল মিলবে?
ফারুক আহমেদ সিদ্দিকী: এটি খুব ভালো খবর। তবে বাজারে তাৎক্ষণিকভাবে এর কোনো সুফল পাওয়া যাবে না। ডিমিউচুয়ালাইজেশন সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে অবশ্য একধরনের প্রত্যাশা দেখা যাচ্ছে। তাঁরা মনে করছেন, এটি হয়ে গেলেই বাজারে বড় ধরনের পরিবর্তন ঘটবে। এই প্রত্যাশা ঠিক নয়। কারণ, ডিমিউচুয়ালাইজেশনের সঙ্গে বাজারের উত্থান-পতনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এ ছাড়া এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সঠিক বা পরিপূর্ণভাবে ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হতে কয়েক বছর লাগবে। আইন অনুযায়ী, ব্লক হিসাবে সংরক্ষিত শেয়ারধারীদের ৬০ শতাংশ যেদিন কৌশলগত প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া শেষ হবে, সেদিনই বাস্তবিক ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হবে। এখন বর্তমান সদস্যরা শেয়ারধারীতে পরিণত হচ্ছেন।
প্রথম আলো: ডিমিউচুয়ালাইজেশনের যে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা কতটা আন্তর্জাতিক মানের?
ফারুক সিদ্দিকী: বিশ্বের যেসব উন্নয়নশীল দেশে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে, এই মডেলই অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতির ব্যত্যয় রয়েছে। যেমন পাকিস্তানে ডিমিউচুয়ালাইজেশন শুরুর পর সে দেশের স্টক এক্সচেঞ্জের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠিত হয়েছে ১০ সদস্যের। এর মধ্যে ছয়জনই ছিলেন স্বাধীন পরিচালক। এই স্বাধীন পরিচালকদের নির্বাচিত বা মনোনীত করেছে সে দেশের নিয়ন্ত্রক সংস্থা। আমাদের দেশে অন্তর্বর্তীকালীন বোর্ডের স্বাধীন পরিচালক ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জের বর্তমান সদস্যদেরই। আবার বর্তমান সদস্যদের মধ্যে লেনদেনের অধিকার সনদ বা ট্রেডিং রাইট দেওয়া হচ্ছে। বলা হয়েছে, পরবর্তী সময়ে শেয়ারধারীদের সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ট্রেডিং রাইট সনদ বাড়ানো যাবে। কিন্তু পাকিস্তানের আইনে বলা হয়েছে, প্রতিবছর ১০টি ট্রেডিং রাইট সনদ ইস্যু করতে হবে। বাংলাদেশের আইনে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তাই ট্রেডিং রাইট বর্তমান সদস্যদের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব সীমিত। স্টক এক্সচেঞ্জের প্রাথমিক গণপ্রস্তাব ইস্যুর ব্যাপারেও সুনির্দিষ্ট কিছু বলা নেই।
প্রথম আলো: দুই স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালনা পর্ষদই অন্তর্বর্তীকালীন পর্ষদের দায়িত্ব পালন করতে আগ্রহী।
ফারুক সিদ্দিকী: স্টক এক্সচেঞ্জের সাধারণ সভার পর বর্তমান পর্ষদকে বহাল রাখা সঠিক হবে না। এ ক্ষেত্রে আইনের সুস্পষ্ট কিছু বলা না থাকলে বিএসইসিকে অন্তর্বর্তী পর্ষদ গঠনের বিষয়ে উদ্যোগ নিতে হবে।
প্রথম আলো: ডিমিউচুয়ালাইজেশনের পরিপূর্ণ সফলতা কিসের ওপর নির্ভর করছে?
ফারুক সিদ্দিকী: ডিমিউচুয়ালাইজেশনের পরিপূর্ণ সফলতা নির্ভর করছে এটির স্বতন্ত্র পরিচালক কারা হচ্ছেন, তার ওপর। স্বতন্ত্র পরিচালক হিসেবে পেশাদার, যথাযথ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের বাছাই করা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়। এ ক্ষেত্রে কোনো ভুল হলে স্টক এক্সচেঞ্জের অবস্থা বর্তমানের চেয়েও খারাপ হতে পারে। কারণ, বর্তমান পর্ষদের অর্ধেক সদস্য স্বতন্ত্র হওয়া সত্ত্বেও এটির পরিচালনায় সদস্যদের আধিপত্য আমরা দেখেছি। স্বতন্ত্র পরিচালক হিসেবে যেনতেন বা রাজনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে কাউকে বাছাই করা ঠিক হবে না।
প্রথম আলো: দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা আমরা দেখেছি। সেই আলোকে স্টক এক্সচেঞ্জের সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র পরিচালকরা কী স্বতন্ত্রভাবে দায়িত্ব পালন করতে পারবেন?
ফারুক সিদ্দিকী: বাংলাদেশের সংস্কৃতি ও বাস্তবতায় স্বতন্ত্র পরিচালকেরা কতটা স্বতন্ত্র ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। তাই সঠিক লোক বাছাই করাটাই বারবার বড় হয়ে সামনে আসছে। এ দেশে দক্ষ ও পেশাদার লোক খুঁজে পাওয়া একটু কঠিন, তবে অসম্ভব নয়। পেশাদার লোকদের স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে নিয়ে আসাটাই হবে ডিমিউচুয়ালাইজেশনের প্রধান অগ্রাধিকার। অন্যথায় এটির কোনো সুফল পাওয়া যাবে না।
প্রথম আলো: শেয়ারবাজারের বর্তমান অবস্থাকে কীভাবে মূল্যায়ন করবেন?
ফারুক সিদ্দিকী: রাজনৈতিক অনিশ্চয়তা ও আগামী ঈদের ছুটিকে কেন্দ্র করে বাজারে একধরণের মন্দা অবস্থা চলছে। এর মধ্যেও কিছু স্বল্প মূলধনের কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। মূল্যবৃদ্ধির ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা যায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব শেয়ার নিয়ে কারসাজি করছে। দ্রুত এ ধরনের প্রবণতা বন্ধ করতে হবে।
[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]