যোগ্য কর্মীরাই থাকবেন বাংলালিংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে এমডি ও সিইও এরিক অস
সংবাদ সম্মেলনে এমডি ও সিইও এরিক অস

কর্মীদের স্বেচ্ছা অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলালিংক। ঘোষণাটির ১০ দিনের মাথায় দক্ষ ও যোগ কর্মীরাই টিকে থাকবেন বলে মন্তব্য করলেন প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এরিক অস। তাঁর দাবি, বাংলালিংককে ডিজিটাল করতেই এই পুনর্গঠন-প্রক্রিয়া।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলালিংকের শীর্ষ কর্মকর্তা এরিক অস। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছা অবসরের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটির সময়সীমা আর বাড়ছে না। আগামী সোমবার এই সময় শেষ হচ্ছে।
চলতি মাসে প্রস্তাবিত বাংলালিংক কর্মচারী ইউনিয়নের এক কর্মীকে চাকরিচ্যুত করায় প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে অসন্তোষের ঘটনা ঘটে। এর জের ধরে কোম্পানির প্রধান কারিগরি কর্মকর্তাকে তাঁর কার্যালয়ে প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কর্মীরা। তারপর ১৪ ফেব্রুয়ারি বাংলালিংক কর্তৃপক্ষ সব কর্মীকে স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রমের (ভলান্টারি সেপারেশন স্কিম) ঘোষণা দেয়। এতে বলা হয়, কোম্পানির স্থায়ী কর্মীরা ২৪-৩০ মাসের মূল বেতন নিয়ে এ কর্মসূচির আওতায় অবসরে যেতে পারবেন।
বাংলালিংকের সিইও হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন এরিক অস। ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম অপারেটর হিসেবে চলমান কর্মী-অসন্তোষ, বাজার প্রতিযোগিতাসহ টেলিযোগাযোগ খাত-সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এরিক অস বলেন, ‘প্রথাগত মোবাইল অপারেটর হিসেবে টিকে থাকার দিন শেষ। ইন্টারনেট, স্মার্টফোনসহ ডিজিটাল সেবার প্রতি আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি।’ তিনি বলেন, ‘বাংলালিংক ডিজিটাল হচ্ছে। গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়া হবে। এ জন্য প্রথম দরকার কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা। যেসব কর্মী দক্ষতা দিয়ে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে পারবেন, তাঁরাই হবেন বাংলালিংকের নতুন পথচলার সাথি।’
বাংলালিংকের সিইও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু কর্মী ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে ভিশন, তার সঙ্গে একাত্ম হতে পারছেন না। যাঁরা ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকতে চান না, তাঁদের জন্যই স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রম ঘোষণা করেছি। বাংলালিংকে অবদান রাখার জন্য তাঁদের আমরা ধন্যবাদ জানিয়ে সম্মানজনক প্রস্থানের ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘আশা করছি, এটা সবাই বুঝবেন। যোগ্যদের সব সময়ই একটা ব্যবস্থা থাকে, এখানেও তার ব্যতিক্রম হবে না।’
ট্রেড ইউনিয়নের বিষয়ে এরিক অস বলেন, ‘আমরা বাংলাদেশের শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে কোনো কর্মী যদি ট্রেড ইউনিয়ন করতে চান এবং শ্রম মন্ত্রণালয় যদি সেটা অনুমোদন করে, তাহলে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।’
প্রথাগত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করার ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতের ওপর জোর দেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কিছু কর্মীর বিরুদ্ধে কোম্পানির নিয়ম ভঙ্গ হয়—এমন কাজের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এখন যেকোনো অনিয়মের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।’ তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্কের আওতা বাড়াতে আগামী জুনের মধ্যে দুই হাজার টাওয়ার নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, বর্তমানে বাংলালিংকের ৩ হাজার ৭০০ থ্রিজি টাওয়ার আছে, যা আগামী জুনে হবে ৫ হাজার ৭০০।
রবি-এয়ারটেল একীভূতকরণের বিষয়ে বাংলালিংকের সিইও বলেন, ‘বাংলাদেশে আমরা দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান। আমরা আমাদের গ্রাহকদের সেরা সেবাটা দিয়ে যেতে চাই। এ জন্য তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।