যৌক্তিক সময়ের মধ্যে ট্যানারি সরাতে হবে: বাপা
ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে যৌক্তিক সময়ের মধ্যে সাভারের চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
সংগঠনটির সহসভাপতি, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ট্যানারি সরাতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার ঘোষণাটি দায়িত্বশীল ছিল না। ‘ট্যানারি স্থানান্তরের পরিস্থিতি, সমস্যা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত মাসে ট্যানারি সরাতে একবার ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এ বিষয়ে আবুল মকসুদ বলেন, ‘তিনি হয়তো চাপ দেওয়ার জন্য এমন কথা বলেছিলেন। তবে ঘোষণাটি দায়িত্বশীল ছিল না।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার বাপা আলোচনা সভাটির আয়োজন করে। এতে চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক আবদুল কাইউম, চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, ট্যানারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, ট্যানার্স অ্যাসোসিয়েশনের পরামর্শক সঞ্জয় কুমার ঠাকুর প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।
যৌক্তিক সময়ে ট্যানারি সরিয়ে নেওয়ার তাগিদ দিয়ে আবুল মকসুদ বলেন, ‘আগামী কোরবানির ঈদের সময় কিছু ট্যানারি সাভারে কাজ করবে, কিছু ট্যানারি হাজারীবাগে কাজ করবে এটা হয় না।’
আবদুল কাইয়ুম বলেন, ট্যানারি শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) এখন আংশিকভাবে চালুর জন্য প্রস্তুত। কারখানাগুলো উৎপাদন কার্যক্রম শুরু করলে তা থেকে তৈরি হওয়া বর্জ্য পরিশোধন করা যাবে। তবে এ জন্য অন্তত ৫০টি কারখানা চালু করতে হবে।
অন্যদিকে সঞ্জয় কুমার ঠাকুর দাবি করেন, সিইটিপি এখনো পুরোপুরি প্রস্তুত নয়।